বলিউডে পা রাখার বয়স খুব বেশি দিন হয়নি চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডের। কাজের চেয়ে ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন। তবে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কোনো রাখঢাক করেননি অনন্যা। একসঙ্গে ছুটি কাটাতে বিদেশে উড়ে গিয়েছেন এই যুগল। যদিও সেই সম্পর্ক ভেঙে গেছে।
প্রেম ভেঙে গেলেও কিছু শিক্ষা পেয়েছেন অনন্যা। হার্পার’স বাজারকে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। অনন্যা পান্ডে বলেন, “আগের সম্পর্কগুলোতে চাইতাম, অন্য মানুষটা যেন আমার চেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে। এজন্য নিজের আত্মসম্মান কমানো বা নিজেকে ছোট করে দেখানোর বিনিময়েও নিজেকে অনেক বদলে ফেলতাম, অন্য মানুষটির মতো হয়ে যাওয়ার চেষ্টা করতাম।”
তবে অতীত সম্পর্কে জড়িয়ে নিজেকে বদলানোর যে কাজটি করেছেন অনন্যা, তা সঠিক সিদ্ধান্ত ছিল না বলেই মত তার। এ অভিনেত্রীর ভাষায়—“আগে বুঝতে পারলে অন্যের জন্য নিজেকে বদলে ফেলতাম না!”
আগে একেবারেই একা থাকতে পারতেন না অনন্যা। এমনকি ১০ মিনিটও একা বসে থাকতে ভয় পেতেন। সবসময় চাইতেন তার পাশে কেউ থাকুক—হোক সেটা তার সঙ্গী, বাবা-মা বা বন্ধুরা। সময়ের সঙ্গে তিনি এখন একা থাকতে শিখেছেন। তার বাবা-মা যে ভবনে থাকেন, সেই ভবনে থাকেন অনন্যা। এই ছোট্ট স্বাধীনতা তার জীবন বদলে দিয়েছে বলেও জানান অনন্যা।
অনন্যা এখন একা থাকতে শিখে গেছেন। একা থাকতে ভালোও বাসেন। তার ভাষায়—“নিজের পরিবেশ তৈরি করা এবং নিজের মতো করে সবকিছু করা—এগুলো আমাকে একা থাকতে শিখিয়েছে। আমি এখন সত্যিই একা থাকতে ভালোবাসি।”
এর আগে ‘খালি পিলি’ সিনেমার সহশিল্পী অর্থাৎ শহিদ কাপুরের ভাই ইশান কাট্টারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অনন্যা। সেই সময় শহিদ কাপুরের পরিবারের সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল। ইশানকে নিয়েও মালদ্বীপে ছুটি কাটিয়েছেন অনন্যা। এরপর আদিত্যর সঙ্গে সম্পর্কে জড়ান অনন্যা। এ জুটি দীর্ঘ ২ বছর সম্পর্কে ছিলেন।
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা পান্ডে। তারপর বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। অনন্যা পান্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ সিনেমা। গত বছর মুক্তি পায় এটি। তার হাতে এখন ‘চাঁদ মেরা দিল’ সিনেমার কাজ রয়েছে।