ভালোবাসা, অনুভূতি ও আকুলতার আবহে নির্মিত হয়েছে নতুন দ্বৈত গান ‘প্রেমের গল্প’। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সান প্রোডাকশন হাউজের ব্যানারে প্রকাশ পাচ্ছে গল্পনির্ভর এই গানের চলচ্চিত্র। গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা ও শেইখ লিমন। গানটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আভরাল সাহির।
সুনামগঞ্জের নিলাদ্রী লেক ও তাহিরপুরের মনোরম লোকেশনে চিত্রায়িত এই গানের চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাহিন আওলাদ। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল–অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
গানটি নিয়ে রোশান বলেন, “গানটি প্রথম শুনেই তার ভালো লেগেছে। পাশাপাশি গল্প ও নির্মাণ পরিকল্পনাও তাকে কাজটি করতে আগ্রহী করেছে। এখানে তাকে ভিন্ন ধরনের একটি চরিত্রে দেখা যাবে, যার জন্য নিজের লুকেও পরিবর্তন এনেছেন তিনি।”
চমক বলেন, “গানের গল্পের সঙ্গে মিল রেখে চ্যালেঞ্জিং একটি চরিত্রে কাজ করেছেন তিনি। পুরো দল অনেক পরিশ্রম করেছে, তাই দর্শকদের ভালো লাগবে বলেই তার বিশ্বাস।”
কণ্ঠশিল্পী কণা জানান, “রোমান্টিক এই গানটির অংশ হতে পেরে তিনি আনন্দিত। একইভাবে শেইখ লিমন বলেন, এমন একটি সুন্দর গানে কাজ করতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বসিত।”
নির্মাতা ও সঙ্গীত পরিচালক আভরাল সাহিরের মতে, ‘প্রেমের গল্প’ একটি হৃদয়ছোঁয়া রোমান্টিক গান। শিল্পীদের কণ্ঠ ও গল্পভিত্তিক নির্মাণ—দুটোর সমন্বয় দর্শকদের ভালো লাগবে।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, গল্পনির্ভর এই ব্যয়বহুল গানের চলচ্চিত্রটি তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ঈদের দিন সন্ধ্যায় প্রকাশ করা হবে।