বিনোদন

অস্কারের লাল গালিচায় ৪৩০ কোটি টাকার গহনায় কেট

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছিল ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। তারকাবহুল এ অনুষ্ঠানের দিকে দৃষ্টি ছিল বিশ্ববাসীর। সেরার পুরস্কারের বাইরেও তারকাদের সাজপোশাক আলাদাভাবে নজর কেড়েছে। বিশেষ করে কেট হাডসনের ব্যয়বহুল পোশাক; যার মূল্য জানলে চোখ কপালে উঠে যাবে। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্স এক প্রতিবেদনে জানিয়েছে, জাঁকজমকপূর্ণ অস্কারের লাল গালিচায় হাজির হয়ে বিশেষভাবে নজর কেড়েছেন মার্কিন গায়িকা-অভিনেত্রী কেট হাডসন। লাল গালিচায় হাস্যোজ্জ্বল এই অভিনেত্রীকে ঝলমলে রূপে দেখা যায়।  

ক্রিস্টাল-এমব্রয়ডারি করা জেড রঙের গাউন পরেছিলেন। এ গাউনে ব্যবহার করা হয়েছে ৪১ ক্যারেট সবুজ রঙের বিরল হীরা। এটি ইতালির বিলাসবহুল ব্র্যান্ড গ্যারাটি প্রস্তুত করেছে; যার মূল্য ৩৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৩০ কোটি টাকার বেশি)।   

কেটের পোশাক আর গহনাতেই ঝলকানি শেষ হয়নি। এ অভিনেত্রী অস্কারের লাল গালিচায় তার লুক সম্পূর্ণ করেন অ্যাসিসের লিকুইড ডায়মন্ডের নেইল পলিশ দিয়ে। 

কেট হাডসন ৯৮তম অস্কার আসরে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। ‘সং সাং ব্লু’-এর জন্য এই মনোনয়ন পেয়েছিলেন। তবে তাকে হারিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছেন জেসি বাকলি।