বিনোদন

অভিনেতা শামস সুমন মারা গেছেন

বিশিষ্ট অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এসব তথ্য নিশ্চিত করেছেন।

এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মঞ্চ থেকে ছোট পর্দা এবং বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন। শামস সুমন নব্বইয়ের দশকের শেষভাগ থেকে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। কিন্তু সম্প্রতিকালে টেলিভিশন নাটকে দেখা যায়নি তাকে।   

অভিনেতা শামস সুমন ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন। তুখোড় এই অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য। 

২০১৩ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনী’ শিরোনামে একটি সিনেমায় সর্বশেষ অভিনয় করেন শামস সুমন। তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো—মন জানেনা মনের ঠিকানা (২০১৬) কক্সবাজারে কাকাতুয়া (২০১৬) চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২), জয়যাত্রা (২০০৪)। 

২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা।