ঈদ এলেই ঢাকাই সিনেমার পর্দা যেন নতুন করে জেগে ওঠে। আলো, পোস্টার, ট্রেইলার আর তারকাদের ব্যস্ততা—সব মিলিয়ে এক ধরনের উৎসবের ভেতরেই ঢুকে পড়ে শোবিজ অঙ্গন। তবে এবারের চিত্রটা একটু আলাদা। গল্প, বাজেট বা তারকার চেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কয়েকজন নায়িকা; যেন ঈদের পর্দা দখলের লড়াইটা এবার তাদের হাতেই।
প্রেশার কুকার: চার নায়িকার গল্প নির্মাতা রায়হান রাফীর সিনেমা মানেই আলাদা আগ্রহ। সেই ধারাবাহিকতায় ‘প্রেশার কুকার’ নিয়েও কৌতূহল তুঙ্গে। চার নায়িকাকে ঘিরে গল্প এগোলেও আলোটা বেশি পড়েছে শবনম বুবলী এবং নাজিফা তুষির দিকে।
দম: পূজার নতুন জন্মের গল্প পূজা চেরির জন্য ‘দম’ শুধু একটি সিনেমা নয়। তার ভাষায় এটি ‘পুনর্জন্ম’। কাজাখস্তান থেকে দেশের বিভিন্ন লোকেশন—বড় ক্যানভাসে নির্মিত এই সিনেমায় নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারের পরও এমন চ্যালেঞ্জিং চরিত্র পাওয়া তার কাছে বিশেষ কিছু।
প্রিন্স: বড় পর্দায় ফারিণের পরীক্ষা ওটিটি প্ল্যাটফর্ম আর টিভি নাটকের পরিচিত মুখ তাসনিয়া ফারিণ এবার বড় পর্দায় বড় পরীক্ষা দেবেন। শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন; যা আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।
রাক্ষস: দেশ-বিদেশের মিশেল ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে। এই ক্রস-বর্ডার কাস্টিং সিনেমাটিকে আলাদা মাত্রা দিয়েছে। গল্পের পাশাপাশি এই জুটিও কৌতূহলের বড় জায়গা।
বনলতা এক্সপ্রেস: সাবিলার ভিন্ন পথচলা ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর। ঈদুল ফিতরে একেবারে ভিন্ন আঙ্গিকে হাজির হবেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। এতে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন। এ চরিত্র তার ক্যারিয়ারে নতুন অধ্যায় খুলে দিতে পারে। কাজটিকে তিনি শুধু একটি সিনেমা হিসেবে দেখছেন না, বরং নিজের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।
সব মিলিয়ে এবারের ঈদ যেন অদ্ভুত এক সমীকরণ দাঁড় করিয়েছে। নায়ক আছেন, গল্প আছে, কিন্তু আলোটা পড়ছে নায়িকাদের ওপর। কেউ অভিজ্ঞতা নিয়ে, কেউ নতুন চ্যালেঞ্জে, কেউবা একেবারে ভিন্ন পরিচয়ে হাজির হচ্ছেন। এখন প্রশ্ন একটাই, এই পঞ্চ কন্যার লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন?