বিনোদন

নিশোর ‘দম’ আছে

ঈদুল ফিতরে যে কটি সিনেমা মুক্তি পাবে, তার মধ্যে অন্যতম ‘দম’। রেদওয়ান রনি নির্মিত সিনেমাটির পোস্টার, টিজারের পর মুক্তি পেয়েছে অফিশিয়াল ট্রেইলার; যা দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে।   

১ মিনিট ৫২ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে সিনেমাটির বিভিন্ন মুহূর্ত ধরা দিয়েছে। ট্রেইলারটি শুরু হয় সিনেমাটির প্রধান অভিনেতা আফরান নিশোর ভয়েস ওভার দিয়ে। তারপর গল্প এগিয়ে যায় বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে; নানা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে নিজ চরিত্র এগিয়ে নিয়েছেন আফরান নিশো। 

ট্রেইলারে দেখা মিলেছে পূজা চেরির। নূর অর্থাৎ আফরান নিশোর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাছাড়া স্বল্প হলেও চঞ্চল চৌধুরীর উপস্থিতি নজরকাড়ার মতো। স্বল্প সময়ের ট্রেইলারের বাঁকে বাঁকে থ্রিল, ড্রামা, প্রেম জমাট বেঁধেছে; যা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।  

কায়েস নামে একজন লেখেন, “ওরে ভাই শরীরের পশম দাঁড়িয়ে গেল একদম। নিশো ভাইয়ের দম আছে বলতেই হবে।” উজ্জ্বল খান লেখেন, “এটাকে আন্তর্জাতিক মানের থ্রিলার মুভি বলে! বসস অলওয়েজ বস!” জান্নাতুল ফেরদৌস লেখেন, “কি অসাধারণ। জাস্ট অসাধারণ। বর্তমানের অশ্লীল ডায়লগ আর মারামারি থেকে যোজন যোজন উর্ধ্বে এই ট্রেইলার।”  

মুস্তাফা লেখেন, “নিশো যে কোন লেভেলের অভিনেতা, সেটা আরো একবার প্রমাণ করল। শাকিব খানকেউ মনে হয়, অভিনয়ে ছাড়িয়ে গেছে এ মুভিতে। ধন্যবাদ এত সুন্দর অভিনয়ের জন্য শাজাহান ইসলাম নূর।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।  

এ সিনেমায় কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে আফরান নিশো বলেন, “দম’ নিয়ে কথা বলতে গেলে আবেগপ্রবণ হয়ে যাই। এমন একটা কাজের জন্য ইউনিটের সবাইকে ধন্যবাদ।” 

আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত ‘দম’ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।