ছোট ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনার ভাইরাল একটি ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র নিয়ে সমালোচনা চলছে। এ নিয়ে বুলিংয়েরও শিকার হয়েছেন। অবশেষে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন ‘ভয়ংকর সুন্দর’খ্যাত এই অভিনেত্রী।
শুক্রবার (২০ মার্চ) সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ভাবনা বলেন, “আপনারা এক ভিডিও আর কতবার ভাইরাল করবেন। যে ভিডিও ভাইরাল করছেন, সেটি স্টেজে নৃত্যনাট্যের একটি অংশ। আমি নাচের কাপড় পরে আছি। মুক্তিযুদ্ধের নৃত্যনাট্য। নৃত্যনাট্য কি সেটা গুগলে সার্চ করে নেবেন।”
কয়েকজন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তোলা ভাবনার কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে ভাবনা বলেন, “আবার এখনও যে সকল পলিটিক্যাল মানুষদের সাথে আমার ছবি দেখছেন সেটিও ঈদের অনুষ্ঠানের। ৫০ মিনিটে তাদের সাথে কি কি কথা হয়েছে সব টেলিভিশনে দেখতে পারবেন।”
বুলিং, অপমানের কথা স্মরণ করে আশনা হাবিব ভাবনা বলেন, “অনেকদিন চুপ ছিলাম। একজন শিল্পী হিসেবে আমি জীবনেও কারও কাছ থেকে একবিন্দু সুবিধা নেইনি। তবুও যেভাবে আমি বুলিং, অপমান থেকে শুরু করে আর ভয়ংকর অনেক কিছুর শিকার হয়েছি। তা বলব কোনো একদিন।”
রাজনৈতিক ট্যাগ দিয়ে কোনো লাভ নেন। এ কথা স্মরণ করে আশনা হাবিব ভাবনা বলেন, “আমাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে লাভ নাই। আমি একজন শিল্পী, আমি কাজ করব। সবার সাথেই কাজ করব। যেমন একজন ব্যবসায়ী সবার সাথে কাজ করে, যেমন একজন চাকরিজীবী সবসময় কাজ করে। একজন শিল্পী হিসেবে আমাকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডাকলে আমি যাব, আমি কাজ করব। আমি কোনো দলের হয়ে কাজ করিনি, রাজনীতির প্রতি কোনো আগ্রহ নেই, ছিলও না। ভবিষ্যতে হলে অবশ্যই আপনারা জানবেন।”
শিল্পী হয়ে থাকার ইচ্ছা পোষণ করে আশনা হাবিব ভাবনা বলেন, “আমি কেবল একজন শিল্পী হয়ে থাকতে চাই। অনেক পেছনে লাগছেন, এবার একটু আমাকে কাজ করতে দেন। ছবি আঁকতে দেন। কবিতা লিখতে দেন।”