গত বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর চারদিকে হইচই পড়ে গিয়েছিল। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক মেহেদী হাসান হৃদয়ের। এবার টেলিভিশন পর্দায় দেখা যাবে বক্স অফিস রাজত্ব করা সিনেমাটি।
বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ঈদুল ফিতরের আনন্দকে আরও বর্ণিল করতে ঈদের পরদিন বিশেষ আয়োজন করেছে। এ আয়োজনে রয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। ঈদের দ্বিতীয় দিন (২২ মার্চ) দুপুর আড়াইটায় এটিএন বাংলায় সিনেমাটির টেলিভিশন প্রিমিয়ার হবে বলে জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ।
গত বছর মুক্তির আগে থেকেই ‘বরবাদ’ নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন হলমালিকরা। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে ১২০টি হল পেয়েছিল শাকিবের এই সিনেমা। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে শো বৃদ্ধি করা হয়েছিল।
‘বরবাদ’ সিনেমা বক্স অফিসে সাফল্য পেয়েছিল। পরিচালক মেহেদী হাসান হৃদয় কারণ ব্যাখ্যা করে বলেছিলেন, “এক. ‘বরবাদ’ সিনেমার গল্প অসম্ভব ভালো। গল্পের উপস্থাপনেও আমরা নতুনত্ব রেখেছি। দুই. সিনেমাটিতে ইমোশনাল জায়গা আছে, যেগুলোর সঙ্গে দর্শকরা খুব সহজেই নিজেদের যুক্ত করতে পেরেছেন। তিন. সিনেমাটিতে চমৎকার প্রেমের ব্যাপার আছে। সিনেমাটির সংলাপগুলোও অনেক বেশি শক্তিশালী। চার. দর্শক সিনেমায় যে লেভেলের অ্যাকশন ও ভায়োলেন্স চায়, আমরা আমাদের চিন্তা থেকে তেমনভাবে ডিজাইন করেছি। যা দর্শককে সহজে আকৃষ্ট করেছে।”
‘বরবাদ’ সিনেমার দৃশ্যে শাকিব-ইধিকা
‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন—যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।