বিনোদন

ঈদের চেয়ে রোজা আমাকে বেশি আনন্দ দেয়: পূর্ণিমা

আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উৎসবের আনন্দে মেতেছেন মুসলিম ধর্মের অনুসারীরা। কর্মজীবী মানুষ নাড়ীর টানে ছুটে গেছেন সবুজ ঘেরা গ্রামে। অনেকে ইট-পাথরের রাজধানীতে ঈদ আনন্দে মেতেছেন। ব্যতিক্রম নন চিত্রনায়িকা পূর্ণিমা। 

রাজধানী ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ উৎসব উপভোগ করছেন পূর্ণিমা। ঈদে সালামিও পেয়েছেন। সালামির টাকা হাতে ফ্রেমবন্দি হয়ে সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছন। ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন—“ঈদি পেয়েছি, আলহামদুলিল্লাহ।” 

ঈদ নিয়ে কথা বলতে গিয়ে রোজার প্রতি ভালোবাসার কথা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, “রোজার ঈদটা ঈদের আগের দিন থেকে শুরু হয়ে যায়। আমি রমজান মাসটি খুব উপভোগ করি। আমার বাড়ির চারপাশে আলোকসজ্জার ব্যবস্থা করি। বাসাটা সাজিয়ে গুছিয়ে রাখি। সারা দিন রোজা রেখে ইফতারটা খুব উপভোগ করি। এসব ব্যাপারগুলো আমাকে খুব আনন্দ দেয়।”

গুনে গুনে রোজা যত শেষ হয়, পূর্ণিমার মনও ততটাই খারাপ হয়ে যায়। এ অভিনেত্রী বলেন, “রোজা যত শেষ হতে থাকে ততই মন খারাপ হতে থাকে। রোজা শেষ হয়ে গেলে মন খারাপ হয়ে যায়। ঈদ তো আসবেই, এক-দুদিনে মধ্যে ঈদের আনন্দ চলে যায়। কিন্তু ২৯-৩০ দিনের রোজা আমাকে অনেক বেশি আনন্দ দেয়।”

ঈদ উপলক্ষে মেহেদির রঙে হাত রাঙিয়েছেন পূর্ণিমা

নব্বই দশকের শেষ দিকে ঢালিউডে অভিষেক হয় পূর্ণিমার। ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পায় পূর্ণিমা অভিনীত সর্বশেষ সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’। তার অভিনীত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ শিরোনামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।