বিনোদন

কিছু কষ্ট কাউকে বলা যায় না: পূজা চেরি

ঢাকাই সিনেমার তরুণ অভিনেত্রী পূজা চেরি। কয়েক দিন অসুস্থ থাকার পর ২০২৪ সালের ২৪ মার্চ মারা যান পূজার মা ঝর্ণা রায়। হঠাৎ মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন পূজা। মায়ের মৃত্যুর পর কেটে গেছে ২ বছর। তবু মাকে হারানোর ক্ষত এখনো তাজা। 

মায়ের মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট দিয়েছেন পূজা চেরি। এ অভিনেত্রী বলেন, “আজ তোমাকে ছাড়া ২ বছর, মামুনি। সময় সত্যিই থেমে থাকে না। কিন্তু কিছু শূন্যতা কখনোই ভরে না। এই ২ বছরে অনেক কিছু বদলে গেছে—শুধু বদলায়নি তোমার জন্য আমার অপেক্ষা…।” 

মায়ের সঙ্গে পূজার আনন্দঘন একটি মুহূর্ত

পূজার মা তাকে পরিপূর্ণভাবে বুঝতেন। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তোমাকে নতুন করে মিস করি। কিছু কষ্ট আছে, যা কাউকে বলা যায় না। শুধু মনে মনে তোমার কাছেই বলে যাই। কারণ তুমি ছাড়া কেউ তো আমাকে ঠিক তোমার মতো বুঝতে পারে না।”  

মায়ের মৃত্যুর পর পূজা উপলদ্ধি করেছেন, সবচেয়ে বড় আশ্রয় হারিয়েছেন তিনি। এ অভিনেত্রী বলেন, “মামুনি, তুমি চলে যাওয়ার পর বুঝেছি, পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়টা হারিয়ে ফেলেছি। যে মানুষটা আমার ছোট ছোট সুখে হাসতো, আমার কষ্টে চুপচাপ পাশে থাকত, সে আজ শুধু স্মৃতির মধ্যে বেঁচে আছে…।” 

মা ছিলেন পূজার ভালো বন্ধু

দূরের কোনো তারায় মাকে খুঁজে ফেরেন পূজা। তার ভাষায়, “২ বছর হয়ে গেল, তবু মনে হয়, এই তো সেদিন তুমি ছিলে। আমার পাশে, আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে। আজও আকাশের দিকে তাকালে মনে হয়, ওই দূরের কোনো তারায় তুমি আছো; আমাকে দেখছো, আমার জন্য দোয়া করছো।” 

মায়ের জন্য প্রার্থনা করে পূজা চেরি বলেন, “মামুনি, তুমি যেখানেই থাকো, ভালো থেকো। তোমার ভালোবাসা আর তোমার শেখানো পথেই আমি বেঁচে আছি। ২ বছর হয়ে গেল। কিন্তু তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই তাজা।” 

পৃথিবীতে পূজার বড় আশ্রয় ছিলেন তার মা

বলে রাখা ভালো, পূজা অভিনীত ‘দম’ সিনেমা ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমায় শাহজাহান ইসলাম নূরের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আর নূরের মায়ের চরিত্র রূপায়ন করেছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর। আফরান নিশোর স্ত্রী রানী চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি।