বিনোদন

এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘দম’

দেশে মুক্তির পর থেকেই দাপটের সঙ্গে সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্স দখল করে রেখেছে আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অভিনীত আলোচিত সিনেমা ‘দম’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। প্রায় প্রতিটি শো-ই থাকছে হাউজফুল, আর সেই সঙ্গে ক্রমাগত বাড়ছে প্রদর্শনীর সংখ্যা। 

এই সাফল্যের মধ্যেই এলো নতুন সুখবর—ঈদের সিনেমাগুলোর মধ্যে প্রথম হিসেবে আন্তর্জাতিক যাত্রা শুরু করছে ‘দম’। আগামী ২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে সিনেমাটি প্রদর্শিত হবে। 

প্রথম দিন, ২৭ মার্চ, ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরদিন ২৮ মার্চ বিকেল ৫টায় প্রসপেক্টে এবং সমাপনী দিনে ২৯ মার্চ সন্ধ্যা ৬টায় ওয়েরিবি হলে ‘দম’ উপভোগ করতে পারবেন দর্শকরা। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল। 

এ বিষয়ে শাহরিয়ার শাকিল বলেন, “শুরু থেকেই ‘দম’ ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মুক্তির পর গত কয়েক দিনে যে সাড়া পাওয়া গেছে, তা সত্যিই অভাবনীয়। এখন পর্যন্ত কোনো নেতিবাচক প্রতিক্রিয়া চোখে পড়েনি। বরং দিন যত যাচ্ছে, দর্শকদের আগ্রহ ততই বাড়ছে। এমন সময় আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটির মুক্তি আমাদের জন্য বিশেষ আনন্দের।” 

এদিকে, ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে দর্শকপ্রিয়তা ও আয়ের দৌড়ে এগিয়ে রয়েছে ‘দম’। মুক্তির প্রথম তিন দিনেই মাল্টিপ্লেক্স থেকে প্রায় ১ কোটি টাকার (গ্রস) কালেকশন করে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। 

সিনেমা হল ঘুরে দেখা গেছে, এবারের ঈদে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে গল্পনির্ভর ও পারিবারিক আবহের সিনেমা। ভায়োলেন্সনির্ভর কনটেন্টের তুলনায় জীবনঘনিষ্ঠ গল্পই টানছে বেশি দর্শক। আর সেই জায়গাতেই বাজিমাত করেছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। 

স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে মোট ৩৫টি শোর মধ্যে ২৭টিই ছিল হাউজফুল—যা সিনেমাটিকে ঘিরে দর্শক উন্মাদনারই স্পষ্ট প্রমাণ। বিশেষ করে আফরান নিশোর ভক্তদের মাঝে এ নিয়ে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। 

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ সিনেমার প্রতি দর্শকদের কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই। শক্তিশালী গল্প ও নির্মাণে সেটি আরও দৃঢ় হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর এবং মো. সাইফুল্লাহ রিয়াদ। 

দেশে দারুণ সাফল্যের পর আন্তর্জাতিক অঙ্গনে ‘দম’-এর এই যাত্রা সিনেমাটির জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে নেবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।