বিনোদন

স্বাধীনতা দিবসে শাবনূরের আবেগঘন পোস্ট

ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। লাল-সবুজের পতাকায় ভর করে গৌরবময় এক ইতিহাস, আত্মত্যাগ আর স্বপ্নের প্রতীক হয়ে প্রতিবছর আসে এই দিবস। বিশেষ এই দিনে আবেগঘন শুভেচ্ছা বার্তা দিলেন ঢাকাই সিনেমার প্রশংসিত অভিনেত্রী শাবনূর।  

পূত্রকে নিয়ে শাবনূর এখন অস্ট্রেলিয়াতে বসবাস করছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে শাবনূর তার ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, লাল-সবুজ রঙের পোশাকে সেজেছেন শাবনূর।  

এ ছবির ক্যাপশনে শাবনূর লেখেন, “লাখো শহীদের রক্তে লেখা এক অমর ইতিহাস- আমাদের স্বাধীনতা। আজকের দিনে সবাইকে প্রাণভরে শুভেচ্ছা।” 

শাবনূরের এ পোস্টে মন্তব্য করে নেটিজেনদের অনেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সৈয়দ সরদার লেখেন, “আলহামদুলিল্লাহ! আজ ২৬ মার্চ। স্বাধীনতা দিবসে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।” কেউ কেউ শাবনূর অভিনীত সিনেমার দেশাত্মবোধক গানের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। 

প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম সিনেমা ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে ব্যাপক সফলতা পান। ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন।

ক্যারিয়ারে শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ অভিনয় জীবন থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন শাবনূর। ২০২৩ সালে শাবনূর নারীকেন্দ্রিক ‘রঙ্গনা’ সিনেমার শুটিং শুরু করেন। যদিও এ সিনেমার কাজ এখনো শেষ হয়নি।