ঢাকাই সিনেমার পরিচিত মুখ মেঘলা মুক্তা। ক্যারিয়ারের শুরুতে ভারতের তেলেগু ভাষার সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’ দিয়ে আলোচনায় উঠে আসেন। এবার দেশের ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘চক্র টু’ ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। সিরিজটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ।
ক্যারিয়ার নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মেঘলা। তিনি বলেন, “বাংলাদেশে আমার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল ইম্প্রেস টেলিফিল্মের ‘পায়ের ছাপ’ সিনেমার মাধ্যমে। এরপর খুব বেশি কাজ করা হয়নি। কিন্তু যেটুকু করেছি তার জন্য আমি কৃতজ্ঞ। এবার ওটিটিতে আমার অভিষেক হলো ‘আই স্ক্রিন’-এর মাধ্যমে, তাও আবার প্রিয় পরিচালকের সাথে।”
পরিচালক ভিকি জাহেদের সঙ্গে কাজ করা ছিল মেঘলার দীর্ঘ দিনের স্বপ্ন। এই সিরিজের মাধ্যমে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এ বিষয়ে মেঘলা বলেন, “ভিকি ভাইয়ের এমন কোনো কাজ নেই, যা আমি দেখিনি। বাংলাদেশে সাইকো-থ্রিলার জনরার কাজগুলো তিনি যেভাবে ফুটিয়ে তোলেন, তা এক কথায় অনবদ্য। আমি সবসময় তার সাথে কাজ করার সুযোগ খুঁজতাম। অবশেষে ‘চক্র-২’ এর মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হলো।”
বিশেষ করে ডার্ক থ্রিলার গল্পে মেঘলা মুক্তার সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া এই সিরিজটি ইতিমধ্যে ভিউয়ারশিপের নতুন রেকর্ড গড়ছে। বড় পর্দা এবং টেলিভিশনের পর ওটিটির এই সফল যাত্রা মেঘলা মুক্তার ক্যারিয়ারে নতুন এক মাইলফলক!