প্রান্তিক এক নারীর জীবনসংগ্রামের গল্প নিয়ে প্রেক্ষাগৃহে আসছে ‘আতরবিবিলেন’। নির্মাতা মিজানুর রহমান লাবু পরিচালিত সিনেমাটি আগামী ১৭ এপ্রিল সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি। বিপরীতে রয়েছেন দুই বাংলার পরিচিত মুখ মুস্তফা প্রকাশ। সম্প্রতি টাইমস মিডিয়ার ইউটিউব চ্যানেলে ট্রেইলার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। সিনেমাটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য পরিচালক নিজেই লিখেছেন।
‘আতরবিবিলেন’-এ আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমনসহ একঝাঁক শিল্পী।
ফারজানা সুমি বলেন, “আতরবিবি’ চরিত্রটি আমার ক্যারিয়ারে একেবারেই আলাদা অভিজ্ঞতা। চরিত্রটিকে বাস্তবভাবে তুলে ধরতে আমাকে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে। গত বছরের রমজান মাসে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে শুটিং করেছি। দর্শকদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হবে।”
চলচ্চিত্রটির গল্পে উঠে এসেছে সমাজের প্রান্তিক নারীর কঠিন বাস্তবতা। আতরবিবি নামের সেই নারী সাধারণ জীবনের স্বপ্ন দেখলেও বারবার প্রতারিত হয় সমাজের ভদ্রবেশী স্বার্থান্বেষী মানুষের কাছে। প্রতিকূলতার বিরুদ্ধে তার লড়াই এবং টিকে থাকার সংগ্রাম ছবিটির মূল উপজীব্য।
নির্মাতার দাবি, এটি শুধু একটি গল্প নয়— সমাজের প্রান্তিক নারীদের বাস্তব চিত্র তুলে ধরার একটি প্রচেষ্টা।