আবাসন খাতের অন্যতম শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নির্বাচনে অংশ নিচ্ছেন ঢালিউডের চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ আলিম উল্লাহ খোকন।
‘দেশা দ্য লিডার’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে পরিচিত এই নির্মাতা ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’ প্যানেল থেকে পরিচালক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য এই নির্বাচনে তার ব্যালট নম্বর ৫৫।
দীর্ঘদিন ধরে আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত আলিম উল্লাহ খোকন নিজেকে একজন সৎ, দক্ষ ও দূরদর্শী সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নির্বাচনি ভাবনা তুলে ধরে তিনি বলেন, “বর্তমান সময়ের ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) সংক্রান্ত জটিলতা পুরো আবাসন খাতকে চাপে ফেলেছে। এর প্রভাব শুধু ব্যবসায়ীদের ওপর নয়, সাধারণ মানুষের ওপরও পড়ছে।”
সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এই জটিলতা নিরসন এবং আবাসন খাতকে আরো বিনিয়োগবান্ধব ও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া তার প্রধান লক্ষ্য বলে মনে করেন তিনি।
বর্ণাঢ্য কর্মজীবনে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে তার সমান সাফল্য। রিহ্যাব ইন্টারন্যাশনাল ফেয়ার কমিটির চেয়ারম্যান এবং লোকাল ফেয়ার কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই-এর স্ট্যান্ডিং কমিটির টানা দুইবারের সদস্য ছিলেন।
আন্তর্জাতিক ক্ষেত্রেও রয়েছে তার উল্লেখযোগ্য উপস্থিতি। ২০০৪ সাল থেকে কানাডার বিখ্যাত সেঞ্চুরি২১ রিয়েল এস্টেটের সঙ্গে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। রিয়েল এস্টেট খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৭ ও ২০০৮ সালে অর্জন করেন মর্যাদাপূর্ণ ‘সেঞ্চুরিয়ন অ্যাওয়ার্ড’।
ব্যবসায়িক পরিচয়ের বাইরে আলিম উল্লাহ খোকন একজন সক্রিয় সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি জাজ মাল্টিমিডিয়ার সিইও এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক।
এছাড়া ‘নিরাপদে চলি সোসাইটি’ ও মগবাজার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন তিনি। আন্তর্জাতিক সংগঠন ফোবানা (FOBANA) ও ফোবাকা (FOBACA)-এর সঙ্গেও রয়েছে তার সক্রিয় সম্পৃক্ততা।