অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের পরনে কালো রঙের শাড়ি। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। হাতে হাতকড়া। পুলিশের ভ্যান থেকে নামছেন নজরকাড়া এই অভিনেত্রী। তার পেছনে পুলিশ সদস্যরাও গাড়ি থেকে নামেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়েপড়ার পর নানারকম চর্চা চলছে। হাতে হাতকড়া দেখে ভক্ত-অনুরাগীদের অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশ্ন উঠেছে, সত্যি সত্যি কি গ্রেপ্তার করা হয়েছে ম্রুণাল ঠাকুরকে। অনেকে আবার ভিডিওটিকে ‘ফেক’ বলেও মন্তব্য করেছেন।
সিয়াসাত ডটকমে এক প্রতিবেদনে জানিয়েছে, ম্রুণাল ঠাকুরকে গ্রেপ্তারের ভাইরাল ভিডিওটি পরিকল্পিতভাবে তৈরি করা। তার অভিনীত ‘ডাকাত’ সিনেমার প্রচারের অংশ হিসেবে এটি তৈরি এবং ছড়ানো হয়েছে। নির্মাতারা সিনেমাটির মুক্তিকে ঘিরে আগ্রহ ও আলোচনার সৃষ্টি করতে ভিন্নধর্মী প্রচারের পরিকল্পনা করেন।
অন্ধকার প্রেমের গল্প সাধারণ রোমান্টিক সিনেমার মতো নয় ‘ডাকাত’ এর গল্প। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের মিশ্রণে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। মুক্তিপ্রাপ্ত ট্রেইলার থেকে বোঝা যায়, শান্ত এক প্রেমের গল্প হঠাৎ বিশ্বাসঘাতকতার পর অন্ধকার দিকে মোড় নেয়।
সিনেমাটিতে উচ্চমাত্রার অ্যাকশন দৃশ্য রয়েছে। যেমন: জেল থেকে পালানো, পুলিশি স্থানান্তর এবং দ্রুতগতির ধাওয়া-পাল্টা ধাওয়া। পাশাপাশি প্রধান চরিত্রগুলোর আবেগঘন দ্বন্দ্বও তুলে ধরা হয়েছে, যা গল্পকে আরো গভীরতা এনে দেয়।
সিনেমাটির গল্পে শক্তিশালী ও একাধিক লেয়ারযুক্ত চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর। যেখানে তার আবেগের কোমলতা ও দৃঢ় মনোবল—দুটিই ফুটে উঠেছে। গল্পে অর্থ, বেঁচে থাকা এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের বিষয়গুলো চরিত্রগুলোকে পুনরায় একত্রিত করে।
সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর ও আদিবি। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন—অনুরাগ কাশ্যপ, প্রকাশ রাজ। সিনেমাটি পরিচালনা করেছেন শানিল ডিও। আগামী ১০ এপ্রিল বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির কথা রয়েছে।