কলকাতার আর্টিস্ট ফোরাম অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে এসেছে। পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাজিক মোমেন্টসকে নিষিদ্ধ ঘোষণা করেছে সংগঠনটি।
মঙ্গলবার (৭ এপ্রিল) টেকনিশিয়ান স্টুডিওতে একত্রিত হয়েছিলেন টলিউডের শিল্পী, টেকনিশিয়ানরা। সকাল থেকে টলিপাড়ায় দফায় দফায় চলে ম্যারাথন মিটিং। সেখানেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। ম্যাজিক মোমেন্টসের সঙ্গে আপাতত কাজ করবেন না কোনো টেকনিশিয়ান বা শিল্পী।
বৈঠক শেষে প্রসেনজিত চ্যাটার্জি বলেন, “আগামীকাল থেকে কোনো কর্মবিরতি থাকছে না। যতদিন পর্যন্ত রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত হচ্ছে, সত্য প্রকাশ্যে আসছে ততদিন ওই নির্দিষ্ট সংস্থা ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ।”
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর খুব সম্প্রতি বন্ধ হয়ে গিয়েছে ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিক। এটি প্রযোজনা করছিল ম্যাজিক। তবে চলছিল ‘চিরসখা’ ধারাবাহিকের শুটিং। আপাতত সেটাও বন্ধ থাকবে। ম্যাজিক মোমেন্টস একটি হিন্দি ধারাবাহিকের সঙ্গেও যুক্ত। এই একই সিদ্ধান্ত সে ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জির ম্যাজিক মোমেন্ট প্রযোজনা সংস্থার সঙ্গে টলিপাড়ার কেউ কাজ করবে না। বুম্বাদা বলেন, “সবার নিরাপত্তার কথা ভেবেই আমরা একজোট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।”
শুধু প্রযোজক হিসেবে নয়, লেখিকা লীনা গাঙ্গুলি যে সমস্ত ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছেন, সেসব ধারাবাহিকেও আপাতত আর কাজ করতে চাইছেন না শিল্পী বা টেকনিশিয়ানরা।
দীর্ঘ বৈঠকের পর সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ তথ্য উল্লেখ করে প্রসেনজিৎ চ্যাটার্জি সাংবাদিকদের বলেন, “আজকে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিভিশন ও বাংলা সিনেমার প্রযোজকদের সঙ্গে নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী ২৫ বছর মানুষ মনে রাখবে। এর জন্য আমাদের কারোর কোনো ক্রেডিট নেই। একজনেরই ক্রেডিট এখানে, যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, সে চোখ খুলে দিয়ে গেছে। তার জন্যই আজ এতজন কলা-কুশলী, শিল্পী একসঙ্গে।”
তবে এ বৈঠকে এ-ও জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানটি নিষিদ্ধ থাকবে। অদূর ভবিষ্যতে যদি প্রযোজনা সংস্থা নির্দোষ প্রমাণিত হয়, তাহলে আবার তাদের সঙ্গে কাজ করা হবে। যতক্ষণ না প্রশাসন রায় দিচ্ছে, যতক্ষণ না পুরো ঘটনার একটি ইতিবাচক সমাপ্তি ঘটছে, ততক্ষণ এই সিদ্ধান্তে সকলে অনড় থাকবেন। তাছাড়া আগামী ১৫ দিনের মধ্যে কলাকুশলীদের নিরাপত্তার জন্য এসওপি আনা হবে।
আজ সকালে টেকনিশিয়ান স্টুডিওতে উপস্থিত হন—প্রসেনজিৎ, প্রিয়াঙ্কা সরকার, ঋতুপর্ণা, দেব, শুভশ্রী, রঞ্জিত মল্লিক, কোয়েলসহ টলিউড ও টেলিপাড়ার একাধিক তারকা। উপস্থিত ছিলেন ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি লীনা গাঙ্গুলির।