বিনোদন

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পা রাখলেন নুহাশ হুমায়ূন

দীর্ঘ ছয় বছরের অপেক্ষার পর অবশেষে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে যাত্রা শুরু করলেন কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে তার প্রথম ফিচার ফিল্ম ‘মুভিং বাংলাদেশ’-এর দৃশ্যধারণের কাজ। 

জানা গেছে, রাজধানীর প্রায় ২০টি ভিন্ন ভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকছে এক বাইক রাইডারের সংগ্রামী জীবন, যা বড় পর্দায় নতুনভাবে তুলে ধরতে চান নির্মাতা। 

সিনেমাটির প্রধান চরিত্রসহ অন্যান্য অভিনয়শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। এ প্রসঙ্গে নুহাশ হুমায়ূন গণমাধ্যমকে বলেন, “প্রধান চরিত্রের জন্য আমরা নতুন মুখ বেছে নিয়েছি। বিষয়টি আমরা একটু সময় নিয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে চাই। চরিত্রের সঙ্গে মানানসই কাউকে খুঁজতে আমরা দীর্ঘ সময় ধরে একাধিক অডিশন নিয়েছি।” 

নির্মাতা হিসেবে নুহাশ হুমায়ূনের যাত্রা শুরু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ওয়েব সিরিজ দিয়ে। তার নির্মিত কাজগুলো ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। তাই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে কোনো তাড়াহুড়া করেননি তিনি। 

নুহাশ হুমায়ূন বলেন, “গত পাঁচ-ছয় বছর ধরে নিজের মতো করে সিনেমাটি তৈরি করার জন্য কাজ করেছি। কখনো চিত্রনাট্য, কখনো বাজেট, আবার কখনো গল্পের উন্নয়নে সময় লেগেছে। এখন পুরো টিমের সহযোগিতায় পরিকল্পনামতো কাজটি বাস্তবায়ন করতে চাই।” 

সিনেমাটির প্রযোজনায় যুক্ত রয়েছে একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ২০২১ সালে তাইপে ফিল্ম কমিশন থেকে ৮৯ হাজার ৮০০ মার্কিন ডলারের অনুদান পায় প্রকল্পটি। পাশাপাশি সিনক্রাফট ফিল্ম ফান্ড থেকেও পাওয়া গেছে প্রায় ২৫ লাখ টাকার সহায়তা। এছাড়া কান, টোকিও ও লোকার্নোসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ফিল্ম মার্কেট থেকেও সহযোগিতা পেয়েছে সিনেমাটি। আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে শুটিং। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।