দুই বছর চুটিয়ে প্রেম করার পর বাগদান সারেন মার্কিন গায়িকা টেইলর সুইফট ও কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। বাগদানের প্রায় এক বছর পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই যুগল।
ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ৩ জুলাই, বিবাহবন্ধনে আবদ্ধ হবেন ৩৬ বছর বয়সি ‘করমা’ গানের গায়িকা এবং ৩৬ বছর বয়সি ফুটবল খেলোয়াড়। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিয়ের আসর বসবে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, এই তারকা দম্পতির বিয়ের অতিথিদের ‘সেভ-দ্য-ডেট’ আমন্ত্রণপত্র পাঠানোর সময় গোপনীয়তার একটি চুক্তিস্বাক্ষর করে এসআরভিপি করতে বলা হয়েছিল, যাতে বিয়ের বিস্তারিত তথ্য গোপন রাখা যায়।
ট্র্যাভিস কেলসে ও টেইলর সুইফট
সম্প্রতি গায়িকা টেইলর সুইফট নিউ ইয়র্কে বধূ সাজে সেজেছিলেন। এ তথ্য ফাঁস হওয়ায় হতাশ হয়েছেন টেইলর ও ট্র্যাভিস। তবে বিষয়টি নিয়ে তারা কোনো আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন না। যদিও তাদের বিয়ের ভেন্যু এখনো প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, জাদুঘর-সদৃশ্য কোনো স্থানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য টেইলর সুইফট ও ট্র্যাভিসের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হয় ডেইলি মেইল।
২০২৩ সালের জুলাইয়ে অ্যারোহেড স্টেডিয়ামে পারফর্ম করেন টেইলর সুইফট। পরে ট্র্যাভিসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান টেইলর। তবে তিনবারের সুপার বোলজয়ী কেলসে ২০১৬ সালেই সুইফটের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন।
ট্র্যাভিস কেলসে ও টেইলর সুইফট
২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ট্র্যাভিস কেলসির সঙ্গে টেইলর সুইফটের প্রেমের গুঞ্জন শোনা যায়। পরে সেই বছরের ডিসেম্বর মাসেই প্রেমের কথা স্বীকার করেন সুইফট নিজেই। গত বছরের ২৬ আগস্ট, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে যৌথভাবে বাগদানের ঘোষণা দেন তারা। তবে তখন বিয়ের বিষয়ে কিছু জানাননি। অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হচ্ছেন তারা।
এর আগে ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন টেইলর সুইফট। মার্কিন পপ তারকা টেলর সুইফট ও জো অ্যালউইনকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৭ সালের জুন মাসে। তখন ন্যাসভিলের এক বেলকনিতে বসে কফি পান করতে দেখা যায় তাদের। এর প্রায় এক মাস পর মাথায় হুডি চাপিয়ে দুজনকে নিউ ইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা যায়।
হলিউড তারকা টম হিডেল স্টোনের সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদের পর উঠতি তারকা জোয়ের সঙ্গে গোপনে প্রেমের সম্পর্কে জড়ান টেইলর। সম্পর্কের শুরুর দিকে লন্ডনে ছদ্মবেশ নিয়ে জোয়ের সঙ্গে দেখা করেন তিনি। তবে এ প্রেম টিকেনি। ২০২৩ সালের এপ্রিলে এ জুটির বিচ্ছেদের খবর জানা যায়।
টেইলর সুইফট
৩৬ বছর বয়সি গায়িকা টেইলর সুইফটের জীবনে প্রেম নতুন কোনো বিষয় না। এর আগে তিনি টম হিডেলস্টোন, কেলভিন হ্যারিস, হ্যারি স্টাইলস, কনর কেনেডি, জো জোনাস ও জ্যাক জিলেনহলের সঙ্গে প্রেম করেছেন এই গায়িকা।