বিনোদন

শাকিবের ‘তুফান’ ও ‘তাণ্ডব’ সিনেমার সিক্যুয়েল নিয়ে যা বললেন রাফী

রায়হান রাফী নির্মিত আলোচিত দুই সিনেমা—‘তুফান’ ও ‘তাণ্ডব’। দুটো সিনেমায়ই অভিনয় করেছেন শাকিব খান। একটি ২০২৪, অন্যটি ২০২৫ সালে মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল সিনেমা দুটো।  

এদিকে, গুঞ্জন উড়ছে—পরিচালক রায়হান রাফী সিক্যুয়েল নিয়ে ফিরছেন। তার এই সিক্যুয়েল হবে জনপ্রিয় সিনেমা ‘তুফান’ ও ‘তাণ্ডব’–এর। দুটি সিনেমার যেকোনো একটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। এমনকি, সেই সিনেমার প্রি-প্রোডাকশন নিয়েই ব্যস্ত এই নির্মাতা।  

বিষয়টি নিয়ে চলচ্চিত্র পাড়ায় ফিসফাস চললেও মুখে কুলুপ এঁটেছিলেন সংশ্লিষ্টরা। অবশেষে নীরবতা ভেঙেছেন নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, “আমি আপাতত কোনো সিক্যুয়েল নিয়ে আসছি না। সিনেমা দুটির (‘তুফান’, ‘তাণ্ডব’) সিক্যুয়েল নিয়ে এই ঈদে ভাবছিও না। তবে ঈদে সিনেমা আসতে পারে। সেটা সময় হলেই প্রযোজক জানাবেন।” 

রায়হান রাফী নির্মিত ‘প্রেশার কুকার’ সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে। মাল্টিপ্লেক্সে স্বল্পসংখ্যক সিনেমা হল নিয়ে এখনো সিনেমাটি প্রতিযোগিতা করছে। শোনা যাচ্ছে, বক্স অফিসেও বেশ আয় করেছে এটি। চলতি সপ্তাহে সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে। আগামী সপ্তাহে সিনেমাটি নর্থ আমেরিকাসহ বেশ কিছু জায়গায় মুক্তি পাবে।  

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, শবনম বুবলী, নাজিফা তুষি প্রমুখ।