বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ‘পাগল মন’খ্যাত সংগীতশিল্পী দিলরুবা খান, যা ইতোমধ্যেই আলোচনা তৈরি করেছে সংগীত ও রাজনৈতিক অঙ্গনে।
মনোনয়নপত্র সংগ্রহের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দিলরুবা খান। তিনি জানান, দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্বাস ও দলের প্রতি আনুগত্য থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। দলের ত্যাগী ও যোগ্য নেতাকর্মীরাই চূড়ান্তভাবে মনোনয়ন পান—এটাই প্রত্যাশা তার। পাশাপাশি নিজের কিছু পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই নির্বাচনি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
দিলরুবা খান বলেন, “সরকারে থেকে বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ তৈরি হয় বলেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। তবে দলের মধ্যে আমার চেয়েও অনেক ত্যাগী কর্মী রয়েছেন—তাদের মূল্যায়ন হওয়াটাই সবচেয়ে জরুরি।”
অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে নিজেকে বেতার ও টেলিভিশনে কিছুটা উপেক্ষিত বা ‘ব্ল্যাকলিস্টেড’ মনে হয়েছে বলেও জানান এই শিল্পী।