আসিফ ইসলাম নির্মিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আর্টকোর বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। চলচ্চিত্রটির প্রধান চরিত্র রূপায়নকারী আশনা হাবিব ভাবনা এ খবর জানিয়েছেন।
আশনা হাবিব ভাবনা বলেন, “আলহামদুলিল্লাহ। আমাদের শিকড় থেকে মস্কো পর্যন্ত! আমার চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ৪৮তম মস্কো আন্তর্জাতিক ফিল্ম ভেস্টিভ্যালের আর্টকোর বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। কৃতজ্ঞ, উচ্ছ্বসিত। আপনাদের সবার সঙ্গে এই যাত্রা ভাগাভাগি করতে প্রস্তুত।”
চলচ্চিত্রটির গল্প প্রসঙ্গে আশনা হাবিব ভাবনা বলেন, “কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ চলচ্চিত্রটি বাংলার ঐতিহ্যবাহী লোকনাট্য যাত্রাপালার অবক্ষয়ের গল্প তুলে ধরা হয়েছে। গল্পে ‘প্রিন্সেস’ একজন আবেদনময়ী নৃত্যশিল্পী, যে দর্শকচাহিদা পূরণ করতে মঞ্চ দখল করে নেয়। এই চলচ্চিত্র সমাজের প্রতিচ্ছবি, যা দেখায় আমরা কী হয়ে উঠেছি এবং বিনোদনের নামে আমরা এখন কী চাই।”
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—অরবিন্দ মজুমদার, সতেজ চৌধুরী, মাহমুদ আলম, এ.কে. আজাদ সেতু, সালাউদ্দিন শেখ, জান্নাতুল বাকের খান। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রটি প্রযোজনাও করেছেন জান্নাতুল বাকের খান।