আটাশ বছর আগে অর্থাৎ ১৯৯৮ সালে ধানমন্ডির আড্ডায় জন্ম নিয়েছিল একটি গান। সুরে ছিলেন কিংবদন্তি লাকী আখান্দ, আর কথায় গোলাম মোর্শেদ। কিন্তু সময়ের স্রোতে সেই গান আর আলোর মুখ দেখেনি।
দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর অবশেষে সেই না-গাওয়া গান নতুন করে প্রাণ পেল। বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী তরুণ মুন্সী নিজের কণ্ঠে তুলে আনলেন গানটি।
‘যার কাছে মন রেখে’ শিরোনামের গানটি নিয়ে স্মৃতিচারণ করে গোলাম মোর্শেদ বলেন, “আমার জীবনের বড় একটি অংশ জুড়ে আছেন লাকী ভাই। তাকে ভেবেই অসংখ্য গান লিখেছি। ‘যার কাছে মন রেখে’ গানটি শুনে লাকী ভাই নিজেই সুর করেছিলেন। কিন্তু ব্যস্ততা আর সময়ের কারণে তার আর গাওয়া হয়ে ওঠেনি। তিনি চলে যাওয়ার পর গানটিও যেন থেমে যায়।”
গানটির শিল্পী বাছাইয়ের কথা স্মরণ করে গোলাম মোর্শেদ বলেন, “অনেকদিন ধরে গানটি প্রকাশ করার কথা ভাবছিলাম। শেষ পর্যন্ত মনে হলো, লাকী ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে হলে এমন একজন শিল্পী দরকার, যিনি তার আবেগটা ধারণ করতে পারবেন। সেই জায়গা থেকে তরুণ মুন্সীকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। আমার বিশ্বাস, সে গানটির প্রতি সুবিচার করেছে।”
এ গান নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে তরুণ মুন্সী বলেন, “এটা আমার জন্য ভিন্নরকম এক অনুভূতি। ছোটবেলা থেকে লাকী ভাইয়ের গান শুনে বড় হয়েছি, তাকে অনুসরণ করেছি। তার জন্য লেখা গান গাইতে পারব, তা কখনো ভাবিনি। যখন গানটির কথা শুনলাম, ভেতরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল।”
গানটি মুক্তি পেয়েছে। শ্রোতারা এখন কী প্রতিক্রিয়া ব্যক্ত করেন, তারই অপেক্ষায় শিল্পী। তিনি বলেন, “আমি চেষ্টা করেছি লাকী ভাইয়ের কম্পোজিশনের মূল আবহ ঠিক রেখে, বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের মতো করে গানটি গাইতে। এখন শুধু অপেক্ষা—শ্রোতারা গানটি শুনে কী বলেন।”
‘যার কাছে মন রেখে’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন। প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালা–এর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।