দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উড়ছে, নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রাণৌত। তার কথিত প্রেমিক অভিনেতা-রাজনীতিবিদ চিরাগ পাসওয়ান।
কঙ্গনা-চিরাগকে বিভিন্ন সময়ে বিভিন্ন জনসভায় একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের প্রেম নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। এ নিয়ে চর্চা চললেও এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন দুজনেই। অবশেষে নীরবতা ভেঙে খোলামেলা কথা বললেন ‘মনিকর্নিকা’খ্যাত অভিনেত্রী কঙ্গনা।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দিয়েছেন কঙ্গনা। এ আলাপচারিতায় চিরাগের সঙ্গে তার প্রেম নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে এই অভিনেত্রী বলেন, “না, না, চিরাগ আমার বন্ধু। আমি যখন তাকে দেখি, তখন একজন বন্ধু হিসেবেই দেখি। এখানে কোনো রোমান্স নেই, আমি সত্যি বলছি। আমরা প্রায় ১০ বছর ধরে একে অপরকে চিনি। সত্যিই যদি প্রেম থাকত, তাহলে এতদিনে আমাদের সন্তানও হয়ে যেত।”
চিরাগ পাসওয়ান
চিরাগের সম্পর্কের বিষয়টি ব্যাখ্যা করে কঙ্গনা বলেন, “আমি যদি প্রেম করতে চাইতাম, তাহলে সেটা আগেই হয়ে যেত। কিন্তু তা হচ্ছে না। এটা কেবলই বন্ধুত্বপূর্ণ একটা অনুভূতি, যা আপনি এমন কারো কাছ থেকে পান, যে আপনার মতোই। সে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গেও যুক্ত; তাই তার সঙ্গে আমি খুব স্বচ্ছন্দ বোধ করি।”
২০১১ সালে ‘মাইলি না মাইলি হাম’ সিনেমায় চিরাগ পাসওয়ানের সঙ্গে প্রথমবার কাজ করেন কঙ্গনা। রোমান্টিক-ড্রামা ঘরানার চলচ্চিত্রটি পরিচালনা করেন তানভীর খান। এর মাধ্যমে চিরাগের অভিনয়ে অভিষেক ঘটে। সিনেমাটিতে কঙ্গনা প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। সিনেমাটিতে আরো ছিলেন—নীরু বাজওয়া, সাগারিকা ঘাটগে প্রমুখ। কঙ্গনা-চিরাগ বর্তমানে রাজনীতিতে যুক্ত। এ অঙ্গনেও তারা নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছেন। তবে মাঝে মধ্যে কোনো কোনো অনুষ্ঠানে এ জুটিকে দেখা যায়।
কঙ্গনা রাণৌত
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কঙ্গনা ২০০৬ সালে মহেশ ভাটের ‘গ্যাংস্টার’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘তানু ওয়েডস মানু’, ‘ফ্যাশন’, কুইন’, ‘মনিকর্নিকা’ প্রভৃতি। কাজের স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। তার প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে ‘পদ্মশ্রী’ পুরস্কারও।
রুপালি পর্দা থেকে রাজনীতিতে পা রেখেছেন কঙ্গনা; যোগ দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে। নায়িকা থেকে হয়েছেন নেত্রী। ২০২৪ সালে বিজেপির টিকিটে হিমাচল প্রদেশের মান্ডি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কঙ্গনা।
কঙ্গনা রাণৌত
আপাতত রাজনীতি নিয়েই অধিক ব্যস্ত কঙ্গনা রাণৌত। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইমার্জেন্সি’। এতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন। এটি পরিচালনাও করেন তিনি। ২০২৩ সালের ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে দুটো সিনেমার কাজ তার হাতে রয়েছে।