বিনোদন

‘রইদ’ প্রচলিত ‘মাসালা’ সিনেমা নয়: তুষি

সমসাময়িক সময়ের আলোচিত চিত্রনায়িকা নাজিফা তুষি। এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘প্রেশার কুকার’-এ অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সামনে পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরেক সিনেমা ‘রইদ’।

‘প্রেশার কুকার’ মুক্তির পর তুষির অভিনয় নিয়ে সামাজিক মাধ্যমে প্রশংসা করেন অভিনেত্রী অপি করিম। বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে তুষি বলেন, এই স্বীকৃতি তার জন্য ভীষণ অনুপ্রেরণার।

তার ভাষায়, “আমরা ওনার কাজ দেখে বড় হয়েছি। লাক্স চ্যানেল আই সুপারস্টারে উনি আমার জাজ ছিলেন। তখন উনি আমাকে বলেছিলেন, আমার সঙ্গে অভিনয় করতে চান। কথাটা এখনো মনে আছে। প্রায় ১০ বছর পর এসে, ওনার মতো একজন মেধাবী মানুষ যখন আমার কাজ নিয়ে লিখেন, এটা আমার জন্য অনেক বড় সম্মান—একটা অ্যাওয়ার্ডের মতোই।”

তিনি আরও যোগ করেন, “দর্শকের ভালোবাসা, সহকর্মী আর সিনিয়রদের স্বীকৃতিই আসলে কাজের শক্তি দেয়।”

আসন্ন ‘রইদ’ সিনেমা প্রসঙ্গে তুষি জানান, এটি প্রচলিত ‘মাসালা’ ঘরানার নয়। “হাওয়া’র মতো কিছু আশা করলে মিলবে না। এটা একটু থেমে গিয়ে অনুভব করার মতো সিনেমা। প্রতিটা অনুভূতির আলাদা রঙ আছে—লালের যেমন সৌন্দর্য, সবুজেরও তেমন। গল্প, আবহ, গান—সব মিলিয়ে একটা নির্দিষ্ট মুড তৈরি করা হয়েছে”-বলেন তিনি।

পরিচালক রায়হান রাফী-এর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তুষি। “রাফীর সঙ্গে আগেও কাজ করেছি, তাই একটা বোঝাপড়া ছিল। এই সিনেমায় শুধু অভিনয় নয়, ক্রিয়েটিভ অনেক জায়গায় যুক্ত ছিলাম। সময় কম থাকলেও পুরো টিম একে অন্যকে ভরসা করেছে—এটাই সবচেয়ে বড় শক্তি,” বলেন তিনি।

বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তুষি। নতুন কয়েকটি কাজ নিয়েও এগিয়ে যাচ্ছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘আন্ধার’ এবং ‘সখী রঙ্গমালা’। সামনে এই সিনেমাগুলো নিয়েই নতুন প্রত্যাশা তার।