ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান। নতুন নতুন চ্যালেঞ্জিং গল্পে কাজ করে এই জুটি নিজেদের আলাদা অবস্থান তৈরি করছেন। সেই ধারাবাহিকতায় এবার তারা অভিনয় করেছেন প্রতারণা ও বাস্তবতার নির্মম গল্পের নাটক ‘দুর্নাম’-এ।
জান্নাতুল ফেরদৌস মিলার রচনা এবং জিয়াউদ্দিন আলমের পরিচালনায় নির্মিত এই নাটকের গল্পে উঠে এসেছে এক অসহায় তরুণীর জীবনসংগ্রাম। প্রেমিক স্বপনের হাত ধরে গ্রাম থেকে পালিয়ে ঢাকায় আসে চাঁদনী। বিয়ের স্বপ্ন দেখিয়ে শহরে এনে স্বপন তাকে একটি পতিতালয়ে বিক্রি করে দেয়। সেখান থেকে এক রাতের আঁধারে পালিয়ে বাঁচার চেষ্টা করে চাঁদনী। অচেনা শহরে আশ্রয়হীন এই মেয়েটির সামনে আসে সাহিদ, যে মানবিকতার টানে তাকে এক রাতের জন্য নিজের বাসায় আশ্রয় দেয়। সেখান থেকেই গল্প এগোতে থাকে নতুন এক মোড়ে।
পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, “নাটকে অহনা অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের আবেগতাড়িত করবে বলে আমার বিশ্বাস। মূলত, এটি একটি প্রতারণার শিকার হওয়া গ্রামের মেয়ের গল্প। নাটকটির মাধ্যমে সচেতনতা তৈরি করাই আমাদের উদ্দেশ্য। এখন মানুষ আগের চেয়ে সচেতন হলেও সমাজে এমন ঘটনা এখনও ঘটে।”
অভিনয় প্রসঙ্গে অহনা রহমান বলেন, “এই নাটকে আমার চরিত্রটি কিছুটা ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে, যেটা দর্শকদের নতুনভাবে ভাবতে বাধ্য করবে। অনেক পরিশ্রম করে কাজটি করেছি। দর্শকদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”
রাশেদ সীমান্ত ও অহনা রহমান ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন পারিসা জান্নাত, নূরে আলিফ, সাবিনা ররি, সুমন আহমেদ বাবু, আয়মান শুভ প্রমুখ। নাটকটি সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় আরটিভি ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।