বিনোদন

আকাশ সেনের সঙ্গে ঈদে আসছে শুভার্থীর নতুন গান

সুন্দর কণ্ঠ আর স্বপ্নময় যাত্রা—এই দুইয়ে এগিয়ে চলেছেন তরুণ গায়িকা শ্যামলী ইসলাম শুভার্থী। সংগীতজীবনের শুরুতেই একাধিক বাধার মুখে পড়লেও থেমে থাকেননি তিনি। বরং নতুন করে নিজেকে গড়ে নিয়মিত গান করে যাচ্ছেন। 

ক্যারিয়ারের শুরুতে কিংবদন্তি সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে কাজের সুযোগ পেলেও তা আর বাস্তবায়ন হয়নি। পরে সংগীত পরিচালক বাসুদেব ঘোষের সঙ্গেও একটি কাজ শেষ পর্যন্ত প্রকাশ পায়নি। এই ধাক্কা তাকে কিছুটা হতাশ করলেও মায়ের উৎসাহে আবারো ঘুরে দাঁড়ান শুভার্থী। 

নিজের লেখা ও সুরে গান করার মধ্য দিয়ে নতুন করে যাত্রা শুরু করেছেন শুভার্থী। এরই মধ্যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে তার গাওয়া দুই ডজনের বেশি গান প্রকাশিত হয়েছে, যেগুলোর মধ্যে কয়েকটি গান শ্রোতাদের ভালোবাসা পেয়েছে। 

সবশেষ রোজার ঈদে প্রকাশিত ‘আইসো বন্ধু বাড়িতে’ গানটি বেশ সাড়া পেয়েছে। সেই ধারাবাহিকতায় ঈদুল আজহায় আসছে নতুন চমক। কলকাতার জনপ্রিয় শিল্পী আকাশ সেনের সঙ্গে ডুয়েট গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। ‘বাঁচতে চাই আমি তোর হয়ে’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন আবিদ রনি। 

শুভার্থী জানান, গানটি নিয়ে বেশ আশাবাদী তিনি। ঈদে মিউজিক ভিডিও আকারে প্রকাশের পর এটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে এবং তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস এই শিল্পীর। 

বলে রাখা ভালো, ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত শুভার্থী ইতোমধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার অর্জন করেছেন। আইন বিষয়ে পড়াশোনা শেষ করলেও ভবিষ্যতে ব্যারিস্টারি পড়ার ইচ্ছার কথাও জানান শুভার্থী।