বিনোদন

বিধানসভা নির্বাচনের আগে শ্রীজাতকে গ্রেপ্তারের নির্দেশ নিয়ে যা জানা গেল

কয়েক ঘণ্টা পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। এরই মধ্যে পুরোনো একটি মামলায় কবি, গীতিকার, নির্মাতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। 

বিধানসভা নির্বাচনের আগে শ্রীজাতকে গ্রেপ্তারের নির্দেশ নিয়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে শ্রীজাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবর প্রকাশ্যে আসতেই কমিশনের বিরুদ্ধে তোপ দেগে সরব হয়েছিল বাংলার ওয়াকিবহাল মহল। তবে খানিক পরেই কমিশন জানায়, “এই খবর ভুয়া”। 

নির্বাচনের প্রাক্কালে একজন বিশিষ্ট কবির বিরুদ্ধে এই আইনি তৎপরতা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয় বিতর্ক ও নিন্দার ঝড়। শোনা যায়, শ্রীজাতের বিতর্কিত একটি কবিতা নিয়ে কয়েক বছর আগে মামলা দায়ের হয়েছিল। বর্তমান নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, যাদের বিরুদ্ধে পুরোনো মামলা বা পরোয়ানা রয়েছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক। সেই সূত্র ধরেই এই গ্রেপ্তারের নির্দেশ। 

সকালে গণমামাধ্যম থেকে প্রথম খবরটি পান শ্রীজাত। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রীজাত বলেন, “আদর্শ রাষ্ট্রে কবির কোনো জায়গা হয় না। গলা খুলে কথা বলা, মাথা তুলে কথা বলাকে সমাজে অন্যায় হিসেবেই প্রচার করা হয়। হয়তো সেই একটু বেশিই হয়ে গেছে। তার মাশুল দিতে হবে। তবে আপাতত এটুকু বলব, আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার সময়ও পাইনি। বিস্তারিত তথ্য না জেনে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দিতে চাই না।” 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ২০২৬ সালের নির্বাচনের আগে রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন যে কঠোর অবস্থান নিয়েছে, তারই ফল হিসেবে এই পদক্ষেপ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। তবে কিছুক্ষণ পরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়—খবরটি ভুয়া। খুব শিগগির আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হবে।