বিনোদন

শাহরুখ পুত্রের ‘জুতা চুরির’ লড়াই

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। সবসময় তার চারপাশে বডিগার্ডের ঘেরাটোপ। তাকে একঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। সাধারণত ক্যামেরার সামনে তাকে খুব একটা বিচলিত হতে দেখা যায় না। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আরিয়ান খানকে দেখে চেনার উপায় নেই! কারণ একদল তরুণের হাত থেকে নিজের কব্জায় একটি জুতা নিতে কার্যত জীবনপণ লড়াই চালান তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ধস্তাধস্তিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় মাটিতেই পড়ে যাচ্ছিলেন আরিয়ান! 

মূল ঘটনা হলো—ভাইরাল ভিডিওটি আরিয়ানের প্রিয় বন্ধু মাহির মেহতার বিয়ের। আর বন্ধুর বিয়েতে ‘জুতা চুরির’ রীতি পালন হবে না, তা কি হয়? উত্তর ভারতীয় বিয়ের এই জনপ্রিয় প্রথা অনুযায়ী, একপক্ষ জুতা লুকোনোর চেষ্টা করে আর অন্য পক্ষ তা হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা চালায়।  

ভিডিওতে দেখা যায়, আরিয়ান তখন পুরোদস্তুর ‘টিম মেম্বার’। জুতা হাতে নিয়ে তা নিজের কব্জায় রাখার আপ্রাণ চেষ্টা করছেন। একদল অতিথি তার চারপাশ থেকে জুতাটি কেড়ে নেওয়ার চেষ্টা করতেই শুরু হয় ধস্তাধস্তি।  

জুতাটি বুকের কাছে জাপটে ধরে আরিয়ান যখন পেছনের দিকে সরে যাচ্ছিলেন, ঠিক তখনই ঘটে বিপত্তি। টানাহেঁচড়ার মধ্যে খানিকটা নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে হেলে পড়েন। দেখে মনে হচ্ছিল, এই বুঝি মাটিতে আছাড় খেলেন কিং খানের পুত্র! কিন্তু না, পরক্ষণেই নিজেকে সামলে একরকম দৌড় দিয়ে আসর ছাড়েন তিনি। ভিডিওটি শেয়ার করে ওয়েডিং প্ল্যানার সংস্থা লিখেছে—“জুতা বাঁচাতে গিয়ে কার্যত ছোটখাটো এক যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল।” 

বন্ধুর বিয়েতে হইহুল্লোড়ের পাশাপাশি আরিয়ান এখন নিজের ক্যারিয়ার নিয়েও ভীষণ সিরিয়াস। কয়েক মাস আগে পরিচালক হিসেবে তার প্রথম সিরিজ ‘দ্য বা***ডস অব বলিউড’ মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেন শাহরুখ খান থেকে শুরু করে সালমান খানও। একঝাঁক তারকার উপস্থিতি দর্শকদের চমকে দিয়েছিল। তবে ব্যস্ততার মধ্যেও আরিয়ানের ঘরোয়া এই মেজাজ সোশ্যাল মিডিয়ায় মুগ্ধতা ছড়াচ্ছে।