বিনোদন

বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত মারা গেছেন

ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা ও বিশিষ্ট বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর। 

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন বিপ্লব দাশগুপ্ত। শুক্রবার হঠাৎ অস্বস্তি বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান বরেণ্য এই শিল্পী। 

ভারতীয় একটি গণমাধ্যমে অভিনেতার স্ত্রী রুমা দাশগুপ্ত জানান, গত দেড় বছর ধরে বিপ্লব দাশগুপ্ত ‘অটোইমিউন ডিজিজ’-এ ভুগছিলেন। 

বাচিকশিল্পী, অভিনেত্রী সুতপা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে অভিনেতা বিপ্লবের পরিবারের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সুতপা জানিয়েছেন, তারা একসঙ্গে ‘যোগমায়া’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তখন তিনি সুস্থ ছিলেন। কিন্তু তারপরেই অভিনেতার প্রস্টেটে অস্ত্রোপচার হয়। তারপর থেকে তার শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়।  

বিপ্লবের পরিবারের বরাত দিয়ে সুতপা বলেন, “কিছুটা চিকিৎসাবিভ্রাটও হয়েছিল। দীর্ঘদিন অসুস্থতার কারণে, অভিনেতা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন। মাঝে সেভাবে কারো ফোনও রিসিভ করতেন না।” 

বিপ্লবের পরিবারে রয়েছেন তার স্ত্রী রুমা এবং এক মেয়ে। অভিনেতা তার স্ত্রীকে নিয়ে দক্ষিণ কলকাতায় বসবাস করতেন, আর মেয়ে থাকেন বাইপাসের কাছে। আজ সন্ধ্যায় প্রয়াত অভিনেতার মরদেহ টেকনিশিয়ান স্টুডিওতে নেওয়া হবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষ করার পর পেশাগত জীবনের শুরুতে শিক্ষকতা করতেন বিপ্লব দাশগুপ্ত। তবে সৃজনশীলতার টানে পরবর্তীতে সাহিত্য, নাট্যজগৎ ও ভারতীয় চলচ্চিত্রে পা রাখেন। ভয়েস-ওভার আর্টিস্ট, বিজ্ঞাপন জগতে কাজের পর অভিনয়কেই মূল পেশা হিসেবে বেছে নেন তিনি।

২০০৪ সালে ‘শ্যাডোজ অব টাইম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পথচলা শুরু হয় বিপ্লব দাশগুপ্তর। এরপর ‘বাইশে শ্রাবণ’ (২০১১), ‘৮৯’ (২০১৫), ‘ফেলুদা’ (২০১৭), ‘গুমনামি’ (২০১৯)-র মতো জনপ্রিয় ও প্রশংসিত চলচ্চিত্রে তার দাপুটে অভিনয় দর্শকদের মনে গেঁথে আছে। 

দীর্ঘ দুই দশকের অভিনয় জীবনে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের মতো কিংবদন্তিদের সঙ্গে অভিনয় করেছেন বিপ্লব। ২০১৯ সালে ‘দেবতার গ্রাস’ সিনেমায় তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। মহানায়ক উত্তম কুমার, তার ভাই তরুণ কুমারের সঙ্গেও গভীর বন্ধুত্ব ছিল অভিনেতার।