নাটক ও ওয়েব সিরিজ পেরিয়ে বড়পর্দায় নিজের অবস্থান তৈরি করছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। নিজের সাজসজ্জা, আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত পছন্দ নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
তাসনিয়া ফারিণ তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি জানিয়েছেন, ছোটবেলায় মেকআপের প্রতি ফারিণের তেমন কোনো আগ্রহই ছিল না। বিশেষ কোনো অনুষ্ঠানে মাঝে মাঝে মায়ের লিপস্টিক ব্যবহার করা ছাড়া তার ড্রেসিং টেবিলে থাকত কেবল একটি চিরুনি আর পারফিউম। তার ভাষায়—“সত্যি বলতে, তখন মেকআপ করার প্রয়োজনও কখনো অনুভব করিনি।”
ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পরই মেকআপের সঙ্গে তার পরিচয়। সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ থেকে ড্রামাটিক—বিভিন্ন লুকে নিজেকে উপস্থাপন করেছেন। তবে নিজের অবস্থান স্পষ্ট করে ফারিণ বলেন, “ভুল বুঝবেন না, নতুন লুক এক্সপেরিমেন্ট করতে আমার ভালোই লাগে। কিন্তু আমি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করি একদম মেকআপ ছাড়া বা খুব হালকা সাজে।”
ব্যক্তিগত জীবনে ঘুরতে যাওয়া কিংবা ভ্রমণে বেশিরভাগ ক্ষেত্রেই ন্যাচারাল লুকেই থাকতে পছন্দ করেন বলেও জানান এই অভিনেত্রী।
তবে কাজের জায়গায় এসে বিষয়টা ভিন্ন হয়ে যায় বলে মনে করেন ফারিণ। তার ভাষায়, “নিখুঁত দেখানোর এক ধরনের অদৃশ্য চাপ সবসময় কাজ করে। নিজেকে একটি নির্দিষ্ট ছাঁচে উপস্থাপনের তাগিদ থাকে। আর সেই চাপ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।”
নিজের একটি সিদ্ধান্তের কথা জানিয়ে ফারিণ বলেন, “এখন থেকে আমি ঠিক যেভাবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বোধ করি, সেভাবেই নিজেকে উপস্থাপন করব।” তিনি আরো ইঙ্গিত দেন, বিষয়টি শুধু মেকআপে সীমাবদ্ধ নয়; বরং নিজের স্বকীয়তা ও স্বাচ্ছন্দ্য ধরে রাখার একটি ব্যক্তিগত অবস্থান।