প্রেমিকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তামিল সিনেমার আলোচিত অভিনেতা বেলামকোন্দা শ্রীনিবাস। বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টা ১৩ মিনিটে কাব্য রেড্ডির সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তীর্থস্থান তিরুমালাতে অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, বৈদিক পদ্ধতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বেলামকোন্দা ও কাব্য। সরলতাই হবে এ বিয়ের মূল বৈশিষ্ট্য। অত্যন্ত আধ্যাত্মিক ও ঘনিষ্ঠ একটি আয়োজন হতে যাচ্ছে এটি। দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠজনরা বিয়েতে উপস্থিত থাকবেন।
কাব্যর সঙ্গে বেলামকোন্দার আনন্দঘন মুহূর্ত
বিয়ের আগে অভিনেতা বেলামকোন্দাকে ঐতিহ্যবাহী লাল পোশাকে বিমানবন্দরে দেখা গেছে। এই দম্পতি বিয়েতে যে পোশাক পরবেন, তা ডিজাইন করেছেন শ্রুভান কুমার।
এর আগে গুঞ্জন চাউর হয়, চলতি বছরের ৮ মার্চ হায়দরাবাদে বাগদান সেরেছেন বেলামকোন্দা ও কাব্য রেড্ডি। পরবর্তীতে এ গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রেমিকা কাব্য রেড্ডিকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
তিরুমালায় বিয়ের অনুষ্ঠান শেষ করে আগামী ১ মে, হায়দরাবাদে জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। বড় পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। চলচ্চিত্রাঙ্গন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এতে উপস্থিত থাকার কথা রয়েছে।
২০১৪ সালে ‘আলুড়ু সীনু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন বেলামকোন্দা। প্রথম সিনেমাতে সামান্থার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। এক যুগের অভিনয় ক্যারিয়ারে বেলামকোন্দা ১২টি সিনেমায় অভিনয় করেছেন।
কাব্যর সঙ্গে বেলামকোন্দার আনন্দঘন মুহূর্ত
এসব সিনেমায় দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত, পূজা হেগড়ের মতো অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘জয়া জানাকি নায়াকা’ সিনেমাটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। বর্তমানে তার হাতে দুটো সিনেমার কাজ রয়েছে।