বিনোদন

এনিমেটেড টিজারে ‘রকস্টার’ শাকিবের রাজকীয় এন্ট্রি!

ঢাকাই সিনেমার ‘কিং খান’ শাকিব খান মানেই নতুন কোনো চমক। আর সেই চমক যদি হয় ‘রকস্টার’ সুলভ, তবে ভক্তদের উন্মাদনা যেন বাঁধ মানে না। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেল বহুল আলোচিত মেগা প্রজেক্ট ‘রকস্টার’-এর অফিসিয়াল এনিমেটেড টিজার। 

শনিবার (২ মে) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজারটি শেয়ার করেন শাকিব খান, আর তা তেই নেটদুনিয়ায় বইতে শুরু করে আলোচনার ঝড়।

টিজারের শুরুটা একেবারেই কাব্যিক—নীল আকাশে ডানা মেলে উড়ছে একটি সাদা পাখি, যা স্বাধীনতার প্রতীক। কিন্তু আচমকা বজ্রাঘাতে সেই ডানা ভেঙে পড়ার দৃশ্য মুহূর্তেই তৈরি করে এক গভীর আবেগ। তবে এ যেন পতনের গল্প নয়, বরং নতুন করে উঠে দাঁড়ানোর ইঙ্গিত।

এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় এক ছোট্ট বালককে, যার চোখে বড় হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নই ধীরে ধীরে রূপ নেয় এক কিংবদন্তি রকস্টারের জীবনে। গিটার হাতে স্টেজ কাঁপানো পারফরম্যান্স, হাজারো ভক্তের গগনবিদারি চিৎকার আর শাকিবের চিরচেনা স্টাইল—সব মিলিয়ে টিজারজুড়ে এক দারুণ এনার্জি।

মুখে সিগারেট, চোখে রোদচশমা—এই নতুন লুকে শাকিব যেন স্পষ্ট বার্তা দিলেন, এবারের ঈদে বিনোদনের সংজ্ঞাই বদলে যেতে চলেছে।

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে টিজারের শেষ দৃশ্যটি। একটি গাড়ির ওপর গিটার হাতে শুয়ে থাকা ‘বোহেমিয়ান’ শাকিব—যা এর আগে ঢাকাই সিনেমায় দেখা যায়নি। এই এক ঝলকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তীব্র কৌতূহল।

তরুণ নির্মাতা আজমান রুশোর পরিচালনায় নির্মিত এই বিগ বাজেটের সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে তানজিয়া জামান মিথিলা এবং সাবিলা নূরকে। দীর্ঘদিন ধরেই সিনেমাটি ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছিল ব্যাপক হাইপ। এনিমেটেড টিজার প্রকাশের পর সেই উত্তেজনা এখন তুঙ্গে। 

জানা গেছে, সিনেমার মূল টিজার প্রকাশ পাবে আগামী ৫ মে—আর ততদিন পর্যন্ত ভক্তদের অপেক্ষা যেন আরও বেড়েই চলবে।