আধুনিক বাংলা সংস্কৃতির অন্যতম পথিকৃৎ সত্যজিৎ রায়-এর জন্মবার্ষিকী আজ ২ মে। ১৯২১ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ১০৫ বছর।
বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত পথের পাঁচালী দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং প্রথম সিনেমায়ই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ান।
জীবদ্দশায় তিনি ৩০টির বেশি কাহিনীচিত্র নির্মাণ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে গুপী গাইন বাঘা বাইন, সোনার কেল্লা এবং আগন্তুক।
বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে তিনি সম্মানসূচক অস্কার লাভ করেন। তার চলচ্চিত্র আজও নতুন প্রজন্মের নির্মাতাদের অনুপ্রেরণা জোগাচ্ছে।