বিনোদন

ঐতিহাসিক বিজয়ের জন্য বিজেপিকে অভিনন্দন: জিৎ

ছাব্বিশের নির্বাচনে গেরুয়া শিবিরের কাছে চূড়ান্তভাবে পরাজয়বরণ করেছে তৃণমূল কংগ্রেস। ফলে বদলে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতির হিসাব-নিকাশ। তৃণমূলের ঘাটি হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গে বিজেপির শাসনকে স্বাগত জানিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার নায়ক জিৎ। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে বিজেপিকে অভিনন্দন জানান জিৎ। এ তারকা লেখেন—“বাংলার জন্য ইতিহাস রচিত হলো। এই ঐতিহাসিক বিজয়ের জন্য বিজেপিকে অভিনন্দন। এই বিজয় উন্নতি ও উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা করুক।”   

অনেক বছর ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে রং ছড়াচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারা। এবারের নির্বাচনে অনেক তারকা প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন, অনেকে হেরেও গেছেন। তবে রাজনীতির মাঠে দেখা যায়নি জিৎকে।  

এবারের বিধানসভা নির্বাচনের আগে মুম্বাইয়ে ছিলেন জিৎ। শুধু ভোট প্রধানের জন্য তড়িগড়ি করে কলকাতায় ফিরেন এই তারকা। পরে সস্ত্রীক ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটকেন্দ্র থেকে বের হওয়ার পর গণমাধ্যমকর্মীরা জানতে চান, ভোট দিয়ে কী প্রত্যাশা করছেন? এ প্রশ্নের উত্তরে প্রথমে নীরব থাকেত জিৎ। এরপর তিনি বলেন, “চার তারিখে কী হচ্ছে, তা আগে দেখে নিন।” জিতের রহস্যময় মন্তব্য নিয়ে আলোচনাও হয়। 

বিজেপির বিজয়ের পর জিতের অভিনন্দন বার্তা নিয়েও আলোচনা চলছে। তার এই বার্তাকে অধিকাংশ নেটিজেন ইতিবাচক হিসেবে দেখছেন।  

বলে রাখা ভালো, গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ হয়। উত্তরবঙ্গের আটটি ও দক্ষিণবঙ্গের আটটি জেলা মিলিয়ে মোট ১৬টি জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী হন ১ হাজার ৪৫২ জন। ভোটার সংখ্যা ছিল ৩ কোটি ৬০ লাখ।   

কয়েক দিন বিরতি দিয়ে ২৯ এপ্রিল, এ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন করে নির্বাচন কমিশনার। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (৪ মে) ভোট গণনা করে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার। ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। এতে বিজেপি পেয়েছে ২০৬টি, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি।