বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মাহবুবুল খালিদ। ‘মাগুরার ফুল’ শিরোনামের আলোচিত গানটি রচনার জন্য মনোনয়ন পেয়েছেন এই গীতিকবি।
আগামী ৮ মে, রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসবে বাইফা পুরস্কারের পঞ্চম আসর।
‘সেরা গীতিকার’ বিভাগে মাহবুবুল খালিদ ছাড়াও এবার মনোনয়ন পেয়েছেন—‘তুমি’ গানের জন্য আইদিদ রশিদ, ‘বাজি’ গানের জন্য ইমন চৌধুরী ও হাশিম মাহমুদ, ‘গুলবাহার’ গানের জন্য ঈশান মজুমদার, ‘লং ডিসটেন্স লাভ’ গানের জন্য শুভেন্দু দাস শুভ।
বাইফা অ্যাওয়ার্ডে ‘সেরা গীতিকার’ বিভাগে মনোনয়ন প্রাপ্তরা
বাইফা অ্যাওয়ার্ডের পঞ্চম আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন এবং ঢালিউডের বরেণ্য অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা।
বাইফার জমকালো এই আসরে মোট ২৯টি ক্যাটাগরিতে দর্শক ভোট ও জুরি বোর্ডের মাধ্যমে গান, নাচ, ফ্যাশন, নাটক, ওটিটি ও চলচ্চিত্রের সেরাদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি থাকবে তারকাদের পরিবেশনা, ফ্যাশন শো, রেড কার্পেট ও গ্ল্যামার সেগমেন্ট।
বলে রাখা ভালো, বাইফা অ্যাওয়ার্ডের তৃতীয় সিজন থেকে আজীবন সম্মাননা প্রদান শুরু হয়। এর আগে এই সম্মাননায় ভূষিত হয়েছেন—সংগীতশিল্পী রুনা লায়লা, নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শামীম আরা নীপা, শিবলী মহম্মদ।
মাগুরায় যৌন নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া ৮ বছর বয়সি শিশু আছিয়াকে নিয়ে লেখা হয়েছে হৃদয়স্পর্শী গান ‘মাগুরার ফুল’। গানটি রচনার পাশাপাশি সুরও করেছেন মাহবুবুল খালিদ। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার; তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন মৌটুসী খান, মৌলি মজুমদার এবং মৌমিতা বড়ুয়া। গানটির সংগীতায়োজন করেন শেখ পুলক ও রোমান রহমান।
গত বছরের ৫ মার্চ, মাগুরা শহরের নিজনান্দুয়ালী মাঠপাড়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ মার্চ, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় মাগুরাসহ সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন মানুষ।
মর্মান্তিক এ ঘটনা মাহবুবুল খালিদকে গভীরভাবে প্রভাবিত করে। সেই বেদনা থেকেই ‘মাগুরার ফুল’ গানটি রচনা ও সুর করেন তিনি। গানটির মাধ্যমে তিনি শুধু শোক প্রকাশ করেননি, বরং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সামাজিক সচেতনতার আহ্বানও জানিয়েছেন।
বাইফা অ্যাওয়ার্ডে ‘সেরা গীতিকার’ বিভাগে ‘মাগুরার ফুল’ গানের জন্য মনোনয়ন পেয়েছেন মাহবুবুল খালিদ
“মাগুরার ফুল ছোট্ট মুকুল, ঝরে গেলো ফুটে ওঠার আগেই/ ডাক্তার হবার স্বপ্নটা তার, নিভে গেলো পিশাচের এক ছোবলেই”—এমন আবেগঘন কথায় শুরু হওয়া গানটি ইতোমধ্যে শ্রোতাদের মনে গভীর দাগ কেটেছে। এ গান নিয়ে নির্মিত হচ্ছে মিউজিক ভিডিও। এটি পরিচালনা করছেন চন্দন রায় চৌধুরী।
গানটি প্রকাশিত হয়েছে ‘খালিদ সংগীত’ শিরোনামের সংগীতভিত্তিক ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে প্রচার হচ্ছে।
সমসাময়িক নানা সামাজিক বাস্তবতা ও মানবিক বিষয় নিয়ে নিয়মিত গান লিখে থাকেন মাহবুবুল খালিদ। তার লেখা ৫ শতাধিক গান ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ‘খালিদ সংগীত’ প্ল্যাটফর্মে। নিজের লেখা অধিকাংশ গানের সুর তিনি নিজেই করেছেন।
মানবিক বোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে নির্মিত ‘মাগুরার ফুল’ শুধু একটি গান নয়, বরং একটি প্রতিবাদের ভাষা—যা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় এবং সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করে।