বিনোদন

ভয়াবহ দুর্ঘটনার কবলে প্রভাসের শুটিং টিম

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে প্রভাস অভিনীত ‘ফৌজি’ সিনেমার শুটিং টিম। মঙ্গলবার (৫ মে) শুটিং সেটে যাওয়ার সময়ে হায়দরাবাদের আব্দুল্লাপুরমেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, এ সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই শুটিং স্থগিত করার ঘোষণা দেন নির্মাতারা। দুর্ঘটনার কারণ জানতে টিম ও স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে ‘ফৌজি’ সিনেমার ক্রু সদস্যরা ছিলেন; তারা সিনেমাটির শুটিং সেটে যাচ্ছিলেন। কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। আহত পাঁচজনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

১৯৪০ সালের প্রেক্ষাপটে গড়ে উঠেছে ‘ফৌজি’ সিনেমার কাহিনি। পিরিয়ড ড্রামা ঘরানার সিনমোটিতে জায়গা পেয়েছে সুভাষচন্দ্র বসু এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রেক্ষাপট। ‘ফৌজি’ সিনেমায় প্রভাস ছাড়াও অভিনয় করছেন—অনুপম খের, মিঠুন চক্রবর্তী, জয়া প্রদা প্রমুখ।

সিনেমাটি পরিচালনা করছেন হানু রাঘবপুদি। এরই মধ্যে সিনেমাটির ৮০ শতাংশ শুটিং শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।