দেশীয় চলচ্চিত্রের পরিচিত নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আবারো নতুন সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন। ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ’, ‘শুভ বিবাহ’ ও ‘ভালবাসা জিন্দাবাদ’-এর মতো দর্শকপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর এবার নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা ‘দুজনে’।
রোমান্টিক ঘরানার এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন আব্দুন নূর সজল ও মিষ্টি জান্নাত। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন এই দুই তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস।
আবদুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে নির্মিত হতে যাওয়া ‘দুজনে’ সিনেমার চিত্রনাট্যও রচনা করেছেন দেবাশীষ বিশ্বাস। সিনেমাটি প্রযোজনা করছে হ্যাভেন মাল্টিমিডিয়া ও গীতি চিত্রকথা।
দেবাশীষ বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, “আব্দুন নূর সজল ও মিষ্টি জান্নাতকে নিয়ে ‘দুজনে’ সিনেমার কাজ শুরু করছি। গল্প ও চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। ঈদের আগেই একটি গানের শুটিং করব। এরপর ঈদের পর পূর্ণাঙ্গ শুটিং শুরু হবে।”
প্রেম, সম্পর্ক ও আবেগের গল্পে নির্মিত হতে যাওয়া সিনেমাটির শুটিং খুব শিগগিরই শুরু হবে বলেও জানান এই নির্মাতা।