বিনোদন

নির্বাচনে ভরাডুবি, রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

বিধানসভা নির্বাচনে ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী কৌস্তিভ বাগচীর কাছে হেরেছেন তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তী। গত ৪ মে, ভোট গণনার শেষের দিকে কেন্দ্র থেকে বেরিয়ে আসেন ব্যারাকপুরের এই প্রাক্তন বিধায়ক। ভোট গণনা কেন্দ্র থেকে বের হওয়ার সময়ে উপস্থিত জনতা ‘চোর’ বলে কাদা ছুড়ে মারেন এই পরিচালকের শরীরে। কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে, ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। 

রাজের সঙ্গে ঘটা এই ঘটনার ভিডিও দ্রুত সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর রাজকে কোথাও দেখা যায়নি, কোনোরকম প্রতিক্রিয়াও ব্যক্ত করেননি। এবার নীরবতা ভেঙে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন ‘বোঝে না সে বোঝে না’খ্যাত এই পরিচালক।  

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে রাজ চক্রবর্তী লেখেন, “জীবনে যখনই কোনো দায়িত্ব পেয়েছি, নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি। চেষ্টা করেছি নিজের সবটুকু দেবার। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে সবসময় আনন্দ দেবার চেষ্টা করেছি; কখনো জিতেছি, কখনো হেরেছি।” 

রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে রাজ চক্রবর্তী লেখেন, “২০২১ সালে আমার রাজনৈতিক জীবনে পদার্পণ। মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পরবর্তী পাঁচ বছর ধরে সেভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করে গেছি। সে অধ্যায় শেষ হলো ২০২৬-এ। সঙ্গে শেষ হলো আমার রাজনৈতিক জীবনের পথচলা।”

নির্বাচনে পরাজিত হওয়ার দকল ও ব্যারাকপুরের মানুষের অপমানজনক আচরণে রাজ চক্রবর্তী যে মানসিকভাবে ভালো নেই, তা পরিষ্কার। রাজনীতির ময়দান ফুলেরসজ্জা নয়, এটি কণ্টকাকীর্ণ—বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছেন রাজ, তা নিশ্চিত! তবে এ পরিস্থিতিতে স্বামীর পাশে দাঁড়িয়েছেন শুভশ্রী। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় তার দেওয়া পোস্টে এমনই ইঙ্গিত পাওয়া যায়।