পরনে মেরুন রঙের শাড়ি। গলায় সোনার চোকার, মুখে হালকা রূপটান। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। শাড়ির সঙ্গে রং মিলিয়ে কপালে সেঁটেছেন ছোট্ট একটি টিপ। অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি। সেখানে এমন লুকে ধরা দিয়েছেন তিনি।
নায়ক-নায়িকার নতুন ছবিগুলো দেখে অনেকে ধরে নিয়েছিলেন এগুলো তাদের বিয়ের ছবি! এ নিয়ে শোবিজ অঙ্গনে ফিসফাস চলছে। নানারকম চর্চা হলেও মুখে কুলুপ এঁটেছিলেন এই যুগল। গতকাল শুভস্মিতা আরো কিছু ছবি শেয়ার করেন। ফলে তাদের বিয়ে নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।
সৌরভ-শুভস্মিতার গোপন বিয়ে নিয়ে একটি সূত্র ভারতীয় গণমাধ্যমে বলেন, “গোপনে বিয়ে নয়, তারা আশীর্বাদ সেরেছেন। বিয়ের পরিকল্পনাও নাকি আছে। কিন্তু তা এখনই নয়।”
এ বিষয়ে কথা বলতে সৌরভের সঙ্গে যোগাযোগ করে গণমাধ্যমটি। সৌরভ বলেন, “আমি এখন এই বিষয়ে কিছুই বলতে চাই না। বাড়িতে ছোট একটা পূজা ছিল, এটুকুই। যে যা ভাবছেন, তা ভেবে নিন। আমার কিছু বলার নেই।”
সৌরভ-শুভস্মিতা সম্পর্কে রয়েছেন তা-ও কখনো স্বীকার করেননি। এ আলাপচারিতায় সম্পর্কে থাকার কথা জানতে চাইলে, তা স্পষ্ট করতেও অপারগতা প্রকাশ করেন অভিনেত্রী মধুমিতার প্রাক্তন স্বামী সৌরভ। তার ভাষায়—“এখন কিছুই বলব না। আমরা খুব ব্যস্ত ধারাবাহিকের শুটিং নিয়ে। ওটাই মন দিয়ে চালিয়ে যেতে চাই।”
তবে টিভি নাইনকে দেওয়া বক্তব্যে বিয়ের কথা সরাসরি অস্বীকার করেছেন সৌরভ। তিনি বলেন, “না, না আমি বিয়ে করিনি। তবে ছোট্ট একটা অনুষ্ঠান হয়েছে। বেশি কাউকে কিছু বলিনি, যাতে অযথা খবর না রটে।”
তবে ঘনিষ্ঠ সূত্রটি বলছে, “ধারাবাহিকের শুটিং সেট থেকেই সৌরভ-শুভস্মিতার প্রেমের শুরু। কিন্তু সে কথা গোপনই রাখতে চান তারা। সময় এলে সবাইকে জানাবেন। ধারাবাহিক শেষ হওয়ার পর বিয়ের পরিকল্পনা করেছেন।”