বিনোদন

কিশোর আহানের প্রেম নিয়ে পাগলামির গল্প

অনেক দিন ধরেই বলিউড যাত্রা নিয়ে স্বপ্ন বুনে আসছিলেন আহান পান্ডে। যশরাজ ফিল্মসের হাত ধরে সেই স্বপ্ন পূরণ হয়েছে চাঙ্কি পান্ডের ভাতিজার। গত বছর ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দা কাঁপান। এ সিনেমায় অনীত পড্ডার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আহান পান্ডে। এ জুটির রোমান্টিক রসায়নে মুগ্ধতা প্রকাশ করেছেন সিনেমাপ্রেমীরা।

আহান পান্ডে এখন মন দিয়েছেন অভিনয়ে। কিন্তু কৈশোরে এমন একটি সময় ছিল, যখন অভিনয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল তার প্রেমিকা। পাগলামি ভরা সেই সময় নিয়ে খোলামেলা কথা বলেছেন এই উঠতি তারকা।

আহান পান্ডের প্রেমিকা যেদিন লন্ডনে চলে যাচ্ছিলেন, সেদিন ক্লাসে ছিলেন তিনি। হৃদয়ের টানে ক্লাস ত্যাগ করেন। সেই ঘটনা বর্ণনা করে আহান পান্ডে বলেন, “ক্লাস চলাকালীন আমি উঠে দাঁড়ালাম এবং নাটকীয়ভাবে ঘোষণা করলাম যে, আমাকে বিমানবন্দরে গিয়ে তার সঙ্গে দেখা করতেই হবে। আমার কথা স্যার বিশ্বাসই করতে পারছিলেন না। আমি বলেছিলাম, ‘আমি যদি না যাই, তাহলে তাকে চিরতরে হারাব।’ স্যার শুধু বললেন, ‘বেছে নাও—ভালোবাসা অথবা ক্যারিয়ার।’ আমি আমার ভালোবাসাকেই বেছে নিয়েছিলাম। ক্লাস থেকে বেরিয়ে বিমানবন্দরে ছুটে যাই।”

যে প্রেমের জন্য এত পাগলামি আহান পান্ডে করেছেন, সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি। তবে অভিজ্ঞতাটি এখনো তার বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে আছে। আহান পান্ডে বলেন, “আমরা এখন আর একসঙ্গে নেই। কিন্তু অতুল স্যার এখনো আমার জীবনের অংশ—এটাই সবকিছু বলে দেয়।”

অভিনয় জগতে আহান পান্ডের শুরুটা বেশ বিশৃঙ্খল ছিল। মাত্র ১৭ বছর বয়সে প্রথমবার প্রশান্ত সিংয়ের কর্মশালায় অংশ নেন। এখন ফেছন ফিরে আহান পান্ডে স্বীকার করেন, তখনো সংযত অভিনয় শেখেননি, ফলে তার প্রথম পারফরম্যান্সটি ছিল বেশ অদ্ভুত এবং স্মরণীয়।

এ বিষয়ে আহান পান্ডে বলেন, “তখন আমার অভিনয়ের ধরন খুব জোরালো আর নাটকীয় ছিল। প্রথম দৃশ্যে আমি এমন একজনের চরিত্রে অভিনয় করছিলাম, যে তার দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে বাড়িতে আছে। কোনো কারণে আমার মনে হয়েছিল—পুরো দৃশ্যটা শুধু অন্তর্বাস পরে অভিনয় করাই স্বাভাবিক হবে। এতে আমার অভিনয়ের শিক্ষক ভীষণ হতবাক হয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি প্রায় পুরো ক্লাসকে অস্বস্তিতে ফেলেছিলাম।”

প্রশিক্ষক প্রশান্ত সিং প্রথম অভিনয় জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেন আহান পান্ডেকে। পরে অতুলের সঙ্গে তার সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। এ বিষয়ে আহান পান্ডে বলেন, “তিনি আমাকে ‘সাইয়ারা’ সিনেমায় সাহায্য করেছিলেন।”

ভালোবাসার জন্য ক্লাস ছেড়ে যাওয়ার পর, মেন্টরের আস্থা ফিরে পেতে অধ্যবসায় করতে হয়েছিল আহান পান্ডেকে। বিষয়টি স্মরণ করে তিনি বলেন, “ফিরে আসার জন্য আমি বারবার যোগাযোগের চেষ্টা করেছিলাম। সর্বশেষ তিনি আমাকে ফেরার সুযোগ দেন। সেখান থেকেই সত্যিকার অর্থে আমার কর্মশালার যাত্রা শুরু। যদিও কিছুটা বিশৃঙ্খল, কিছুটা নাটকীয় ছিল। কিন্তু পুরোপুরি আমার মতো ছিল!”

বলে রাখা ভালো, গত বছরের ১৮ জুলাই, মুক্তি পায় আহান অভিনীত ‘সাইয়ারা’ সিনেমা। রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন মোহিত সুরি। ৪৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ৫৭০-৫৮১ কোটি রুপি।

*ফিল্মফেয়ার অবলম্বনে