ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার মায়ের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের এক আবেগঘন গল্প শেয়ার করে আলোচনায় এলেন এই অভিনেতা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নতুন গাড়ি উপহার দেওয়ার খবর জানান আরশ খান। গাড়ির পাশে দাঁড়িয়ে মাকে নিয়ে একটি ভিডিও পোস্ট করে আবেগভরা বার্তা লিখেছেন তিনি। তবে সেই গাড়ি কিনতে ঋণ নিতে হয়েছে বলেও খোলাখুলিভাবে জানিয়েছেন এই অভিনেতা।
ফেসবুক পোস্টে আরশ খান লেখেন, “আমার আম্মার খুব ইচ্ছা ছিল একটা গাড়ি কিনবেন। কিন্তু আমাদের বড় করতে গিয়ে এমন অনেক স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে তাকে। আম্মার জন্য কেনা গাড়ি। যদিও লোনে কেনা। কিন্তু আমি জানি একদিন এই লোন শোধ হবে। কিন্তু আম্মা না থাকলে হাজারটা গাড়ি কিনলেও এই সাধ কখনো মিটবে না।”
মায়ের অনুভূতির কথা তুলে ধরে তিনি আরও লেখেন, “ভেবেছিলাম কিছু কিনলে তা এভাবে দেখাব না। কিন্তু আম্মার এই আবেগ তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলো। আমাদের প্রথম গাড়ি।”
অভিনেতার এই আবেগঘন পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর। অনেকেই মায়ের প্রতি আরশের ভালোবাসা, দায়িত্ববোধ ও আন্তরিকতার প্রশংসা করেছেন।
অল্প সময়েই অভিনয় দক্ষতা দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন আরশ খান। একের পর এক নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সরব উপস্থিতি নজর কাড়ে দর্শকদের।
মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে এক যুগের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আরশ খান। এই সময়ে ছোট পর্দার একাধিক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে কাজ করে দর্শকমহলে আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি।