বিনোদন

নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’

ডিজিটাল বিনোদনের ক্রমবর্ধমান বাজারে বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’। ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’—স্লোগানকে সামনে রেখে আগামী ২১ মে আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্মটির যাত্রা শুরু করার কথা রয়েছে। বাংলা সিনেমা, ওয়েব ফিল্ম ও সিরিজকে কেন্দ্র করে নির্মিত এই প্ল্যাটফর্ম শুরু থেকেই নিজেদের আলাদা পরিচয়ে প্রতিষ্ঠিত করতে চায়। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নতুন সিনেমাগুলোর ডিজিটাল স্ট্রিমিংয়ে অগ্রাধিকার থাকবে ‘উৎসব’-এ। একই সঙ্গে নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় শতাধিক চলচ্চিত্র ও কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে এই প্ল্যাটফর্ম। ফলে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য এটি হয়ে উঠতে পারে এক সমৃদ্ধ ডিজিটাল আর্কাইভ। 

প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান অভি বলেন, “বাংলা কনটেন্টকে আরো সহজ, আরো আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা বাংলা ভাষার দর্শক সহজেই নতুন সিনেমা ও পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন।” 

দেশের প্রেক্ষাগৃহ কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে জাহিদ হাসান অভি বলেন, “দেশে সিনেমা হলের সংখ্যা ক্রমেই কমে আসছে। অনেক জেলায় এখন আর আধুনিক সিনেমা হল নেই। ফলে দর্শকরা নতুন সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে, বাংলা সিনেমা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেলেও বহু প্রবাসী দর্শকের জন্য তা সহজলভ্য নয়। সেই জায়গা থেকেই ‘উৎসব’ নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায়।” 

জাহিদ হাসান অভির ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোতে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই বাংলা সিনেমা ও কনটেন্টের দর্শক উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু সেই দর্শকদের জন্য নির্ভরযোগ্য ও মানসম্মত বাংলা ওটিটি প্ল্যাটফর্মের ঘাটতি দীর্ঘদিনের। ‘উৎসব’ সেই শূন্যস্থান পূরণের লক্ষ্য নিয়েই কাজ করছে। 

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফির মাধ্যমে দর্শকরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নতুন সিনেমা, সিরিজ ও এক্সক্লুসিভ কনটেন্ট উপভোগ করতে পারবেন বলে জানান তিনি। 

প্রযুক্তিগত সুবিধার দিক থেকেও আধুনিক অভিজ্ঞতা দিতে চায় ‘উৎসব’। প্রাথমিকভাবে দর্শকরা প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে প্রবেশ করে কনটেন্ট দেখতে পারবেন। পরে গুগল প্লে স্টোর থেকে ‘উৎসব’ অ্যাপ ডাউনলোডের সুযোগ চালু হবে। পাশাপাশি ধাপে ধাপে আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি এবং স্যামসাং স্মার্ট টিভিতেও পাওয়া যাবে এই সেবা। 

বাংলা সিনেমা ও ডিজিটাল বিনোদনের নতুন সম্ভাবনাকে সামনে রেখে ‘উৎসব’-এর আগমন ইতোমধ্যে কনটেন্টপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। নতুন প্রজন্মের দর্শকদের পাশাপাশি দেশ-বিদেশের বাংলা ভাষাভাষীদের কাছেও এটি হয়ে উঠতে পারে পছন্দের এক ডিজিটাল ঠিকানা।