বিনোদন

ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে প্রবীণ প্রযোজকের স্বেচ্ছামৃত্যু

তামিল সিনেমার প্রবীণ প্রযোজক-পরিচালক-অভিনেতা কে. রাজন ব্রিজের ওপর থেকে আদিয়ার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৭ মে) চেন্নাইয়ের আদিয়ার ব্রিজে এ ঘটনা ঘটে। তার বয়স হয়েছিল ৮৫ বছর।  

তামিল ওয়ান ইন্ডিয়ার বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, কে. রাজন ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন। পরে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রাজন কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা এখনো জানা যায়নি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। 

কয়েক দশক ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন কে. রাজন। তামিল সিনেমার পরিচিত মুখ ছিলেন তিনি। তার মৃত্যু নিয়ে প্রশ্নও উঠেছে। 

প্রযোজক হিসেবে কে. রাজন অনেক সিনেমা উপহার দিয়েছেন। এ তালিকায় রয়েছে—‘থাঙ্গামানা থাঙ্গাচি’, ‘চিন্না পুভাই কিলিথ’, ‘ডাবলস’, ‘আভাল পাভাম’ প্রভৃতি। কয়েকটি সিনেমা পরিচালনা ও চিত্রনাট্যও রচনা করেছেন তিনি। তাছাড়া বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন কে. রাজন।  

কে. রাজনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অনেক তারকা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। অভিনেত্রী ও রাজনীবিদ খুশবু সুন্দর মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) লিখেছেন, “খুবই ভয়াবহ খবর। আমাদের চলচ্চিত্র পরিবারের প্রিয় সদস্য, প্রযোজক কে. রাজন স্যারের মৃত্যুর খবর শুনে গভীরভাবে হতবাক। আত্মহত্যার মাধ্যমে তার চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত মানুষ; সত্য কথা বলতে কখনো পিছপা হতেন না। খুবই কষ্টদায়ক। তার আত্মার শান্তি কামনা করছি।” 

অভিনেতা-প্রযোজক বিশাল লিখেছেন, “কে রাজন স্যারের মৃত্যুর খবর শুনলাম। আত্মহত্যা করেছেন শুনে স্তব্ধ হয়ে গেছি। তিনি ছিলেন স্পষ্টভাষী মানুষ এবং ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের সভাপতি। এই খবর খুবই দুঃখজনক। তার আত্মার শান্তি কামনা করছি।”