গত কয়েক দিন ধরেই টলিপাড়ায় জোর গুঞ্জন উড়ছে, গোপনে বিয়ে করেছেন ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের তারকা জুটি সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখার্জি। বিয়ের বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যম তাদের সঙ্গে যোগাযোগ করলেও অস্বীকার করেন সৌরভ। এবার গোপন বিয়ে নিয়ে মুখ খুললেন শুভস্মিতা।
গত ১০ মে ছিল সৌরভ-শুভস্মিতার আশীর্বাদ অনুষ্ঠান। দুজনেই সেদিন সেজেছিলেন মেরুন রঙের পোশাকে। আটপৌঢ়ে শাড়ি আর সোনার গহনায় একেবারে সাবেকি সাজ ছিল হবু কনের। অন্যদিকে সৌরভের পরনে ছিল পাঞ্জাবি। আশীর্বাদের সাজ নিয়ে কত দিন ধরে পরিকল্পনা করেছিলেন? এ প্রশ্নের জবাবে শুভস্মিতা বলেন, “একেবারেই আলাদা কোনো প্ল্যান ছিল না। তবে প্রথম থেকেই ভেবে রেখেছিলাম মেরুন রঙের পোশাক পরব। শুধু সেটুকু পরেছি।”
আশীর্বাদ ও বাগদান সারলেও বিয়ে রেজিস্ট্রি করেননি সৌরভ-শুভস্মিতা। খুব তাড়াতাড়ি কি আইনি বিয়েটাও সারবেন তারা? এ বিষয়ে শুভস্মিতা বলেন, “সত্যিই এখন বিয়ের প্ল্যান নেই। কারণ আমাদের সিরিয়ালটা চলছে। ফলে দুজনেই খুব ব্যস্ত। রেজিস্ট্রি কবে করব, সেটা নিয়ে কথাবার্তা চলছে।”
সিরিয়ালের শুটিং সেটে প্রেমে পড়েন শুভস্মিতা-সৌরভ। নিজেরা স্বীকার না করলেও, তাদের প্রেমের গুঞ্জন টলিপাড়ায় ছড়িয়ে পড়েছিল। সোশ্যাল মিডিয়ায় দুজনের সেলফি হোক কিংবা কোনো অনুষ্ঠানে একসঙ্গে যাওয়া, তাদের সম্পর্কের গুঞ্জন জল্পনা উস্কে দিয়েছিল। তবে সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তারা। কেন এতদিন সম্পর্কের কথা স্বীকার করেননি? শুভস্মিতা বলেন, “সম্পর্কের কথা প্রাইভেট রাখাই তো উচিত। গোপন রেখেছিলাম বলেই হয়তো আমাদের সম্পর্ক পরিণয় পেল।”
এর আগে ‘বোঝে না সে বোঝে না’খ্যাত অভিনেত্রী মধুমিতার সঙ্গে ঘর বেঁধেছিলেন সৌরভ। যদিও পরে এ বিয়ে ভেঙে যায়। সৌরভের এটি দ্বিতীয় হলেও শুভস্মিতার প্রথম বিয়ে।