বিনোদন

নিজেকে আরো ভালো অভিনেত্রী হিসেবে প্রস্তুত করতে চাই: কাজল

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘পরম্পরা’–এর মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন জান্নাতুল ফেরদৌস কাজল। অভিনয়জীবনের শুরু থেকে নানা চ্যালেঞ্জ ও অপেক্ষার গল্প পেরিয়ে তিনি পেয়েছেন ‘মেঘা’ চরিত্রে অভিনয়ের সুযোগ, যা তাকে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি। অভিনয়, ভবিষ্যতে চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন, পরিবারকেন্দ্রিক ঈদ উদযাপন এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তরুণ অভিনেত্রী। সাক্ষাৎকারে উঠে এসেছে তার সংগ্রাম, স্বপ্ন এবং নিজেকে আরও দক্ষ শিল্পী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ের গল্প। সাক্ষাৎকার গ্রহণে স্বরলিপি।

রাইজিংবিডি: ‘পরম্পরা’–এরই মধ্যে ১০০ পর্ব অতিক্রম করেছে। কাজটি যখন শুরু করেছিলেন, তখন কি জানতেন এটি একটি মেগা প্রজেক্ট হতে যাচ্ছে? কাজল: ‘পরম্পরা’  সম্পর্কে আগে থেকেই জানতাম যে এটি ৩০০-৪০০ পর্ব পর্যন্ত যাবে। তবে একটু কনফিউশনে ছিলাম—আসলেই ১০০ পর্ব পর্যন্ত পৌঁছাতে পারব কি না।

রাইজিংবিডি: ‘পরম্পরা’–র সঙ্গে যুক্ত হলেন কীভাবে? কাজল: ‘পরম্পরা’–র সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা হলো, আমি দীপ্ত টিভিতে বেশ কয়েকবার অডিশন দিয়েছিলাম। কিন্তু কোনোবারই সুযোগ হয়নি। পরে যখন আমাকে পরম্পরা–র জন্য ডাকা হলো, তখন প্রথমে অডিশন দিতে যেতে চাইনি। মনে হচ্ছিল, আগেও তো কয়েকবার অডিশন দিয়েছি, কিন্তু কিছুই হয়নি। একপর্যায়ে আমাদের প্রযোজক জাহিদ ভাই ফোন করে বিস্তারিত জানালেন এবং চরিত্র সম্পর্কেও বললেন। এরপর আমি অডিশন দিলাম। তারপর ফাইনাল অডিশনের জন্য অনেক দিন অপেক্ষা করেছি। মনে হয়েছিল, এবারও হয়তো হবে না। প্রথমে আমাকে ‘রাশ’ চরিত্রের জন্য নির্বাচিত করা হয়েছিল। পরে যখন চূড়ান্ত লুক সেট করা হয়, তখন জানতে পারি আমি ‘মেঘা’ চরিত্রে অভিনয় করছি।

জান্নাতুল ফেরদৌস কাজল। ছবি: অভিনেত্রীর সৌজন্যে

রাইজিংবিডি: চলচ্চিত্রে কাজ করার পরিকল্পনা আছে? কেমন চরিত্রে নিজেকে দেখতে চান? কাজল: সিনেমা তো সবাই করতে চায়। আমার মনে হয়, একজন শিল্পীর চূড়ান্ত লক্ষ্যই থাকে নিজেকে বড় পর্দায় দেখা। আমিও চাই চলচ্চিত্রে কাজ করতে। তবে আমার বিপরীতে কে সহশিল্পী হবেন, তা নিয়ে এখনো সেভাবে ভাবিনি। কারণ আমি এখনও বয়সে ছোট, অভিজ্ঞতাতেও নতুন।

আমি আগে নিজেকে পরিপক্ব করতে চাই, অভিনয়টা ভালোভাবে শিখতে চাই। যত দিন যাচ্ছে, ততই মনে হচ্ছে অভিনয় খুব কঠিন একটি শিল্প। এর শেখার কোনো শেষ নেই। যখন পরিচালকদের মনে হবে কোনো সুন্দর চরিত্রের সঙ্গে আমাকে মানানসই হবে, তখন অবশ্যই কাজ করব। ততদিন পর্যন্ত নিজেকে প্রস্তুত করতে চাই—সেটা অভিনয়ে হোক কিংবা গ্ল্যামারে। কারণ সিনেমার নায়িকাদের আমরা সাধারণত অনেক বেশি গ্ল্যামারাসভাবেই কল্পনা করি।

জান্নাতুল ফেরদৌস কাজল

রাইজিংবিডি: এবারের ঈদ কেমন কাটল? পরিবারের জন্য কী কিনলেন, আর নিজে কী উপহার পেলেন? কাজল: এবারের ঈদ খুব ভালো কেটেছে। প্রিয়জনদের উপহার দিয়েছি, নিজেও উপহার পেয়েছি। সবচেয়ে বড় কথা, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে সবারই ভালো লাগে। মানুষ অনেক কষ্ট করে ঢাকা থেকে গ্রামে যায় শুধু পরিবারের সঙ্গে ঈদ করবে বলে। আমিও সব সময় পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করি।

রাইজিংবিডি: ঈদের দিন মায়ের হাতের কোন খাবারের জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করেন? কাজল: আমি গরুর মাংস খুব বেশি পছন্দ করি। আম্মুর হাতের সব খাবারই খুব মজার। তবে ঈদের সময় প্রায়ই এমন হয়, আম্মু রান্না করছেন আর আমি পাশে দাঁড়িয়ে বলছি, ‘আম্মু, আমাকে এক টুকরো দাও, চেখে দেখি!’ (হা হা হা)