বিনোদন

মুক্তির দিনে পেদ্দির ১০০ কোটি আয়ের প্রত্যাশা: চ্যালেঞ্জের মুখে রাম চরণ

ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা রাম চরণের নতুন সিনেমা ‘পেদ্দি’। স্পোর্টস-ড্রামা ঘরানার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এটি পরিচালনা করছেন বুচি বাবু সানা। বৃহস্পতিবার (৪ জুন) দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

স্পোর্টস-অ্যাকশনধর্মী সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করবে এটি। তেলুগু রাজ্যে শক্তিশালী ব্যবসা, পেইড প্রিমিয়ার শো এবং বিদেশে ভালো অগ্রিম টিকিট বিক্রির কারণে রাম চরণের ক্যারিয়ারের সবচেয়ে বড় একক ওপেনার হওয়ার পথে রয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনের আয় ছাড়াও সিনেমাটির সামনে বড় একটি চ্যালেঞ্জ রয়েছে। তা হলো—‘গেম চেঞ্জার’ সিনেমার ব্যর্থতার পর রাম চরণ প্রকৃত প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে নিজেকে প্রমাণ করা।

বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, ‘পেদ্দি’ সিনেমা আঞ্চলিক জনপ্রিয়তার গণ্ডি পেরিয়ে সারা ভারতে সফল হতে পারে কি না, সেটাই প্রকৃত পরীক্ষা। বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা ইন্ডিয়া টুডেকে বলেন, “এখন সিনেমাটির আলোচনা মূলত তেলুগু রাজ্যে সীমাবদ্ধ। কর্নাটকে প্রায় ১ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। তবে তামিলনাড়ু, কেরালা এবং উত্তর ভারতে আগ্রহ তুলনামূলকভাবে কম। তাছাড়া অনেক জায়গায় অগ্রিম বুকিং দেরিতে শুরু হয়েছে।”

তেলুগুর বাইরে উন্মাদনা কম কেন? রাম চরণের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় এখন। ‘ট্রিপল আর’ সিনেমার মাধ্যমে রাম চরণ বিশাল সাফল্য পান। কিন্তু এরপর এককভাবে আর সফলতার মুখ দেখেননি। এ বিষয়ে রমেশ বালা বলেন, “ট্রিপল আর’ সিনেমা দিয়ে সফল হয়েছিলেন রাম চরণ। কিন্তু এটি ছিল দুই নায়কের গল্প। আর পরিচালনা করেছিলেন রাজামৌলি। এরপর একক নায়ক হিসেবে তার সিনেমাগুলো প্রত্যাশা পূরণ করতে পারেনি। ‘গেম চেঞ্জার’ সিনেমা দিয়ে ফিরলেও ব্যর্থ হন তিনি। ‘পুষ্পা’, ‘কেজিএফ’, ‘সালার’-এর মতো বড় কোনো একক হিট সিনেমা উপহার দিতে পারলে প্যান-ইন্ডিয়া পর্যায়ে আলোচনায় আসবেন রাম চরণ।”

প্রথম দিনে ১০০ কোটি রুপি আয় সম্ভব? ‘পেদ্দি’ সিনেমা নিয়ে ভারতের সব অঞ্চলে সমান আগ্রহ দেখা যাচ্ছে না। তবু তেলুগু বাজার, পেইড প্রিমিয়ার শো এবং টিকিটের মূল্যবৃদ্ধির কারণে সিনেমাটি মুক্তির প্রথম দিনে বড় অঙ্কের অর্থ আয় করতে পারে। রমেশ বালা বলেন, “অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা মিলিয়ে এক হাজারের বেশি প্রেক্ষাগৃহ রয়েছে। প্রিমিয়ার শো, টিকিটের দাম বাড়ার কারণে এই দুই রাজ্য থেকেই প্রায় ৭৫ কোটি রুপি (গ্রস) আয় হতে পারে। দেশ-বিদেশ মিলিয়ে প্রথম দিনে সিনেমাটি ১০০ কোটি রুপি আয় করতে পারে।”

সতর্ক করে রমেশ বালা বলেন, “মুখে মুখে ভালো প্রচার হলে অন্য বাজারেও সিনেমাটি ভালো করতে পারে। বড় সুযোগ হলো—এই সপ্তাহে প্যান-ইন্ডিয়ার আর কোনো বড় সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে সিনেমাটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৯ মিনিট; ফলে কিছু দর্শকের কাছে এটি সমস্যা হতে পারে। ‘পেদ্দি’ রাম চরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অগ্রিম বুকিংয়ে ভালো সূচনা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, গত ২ জুন পর্যন্ত ‘পেদ্দি’ সিনেমা ভারতে প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি করে (ব্লকড সিটসহ) ৪ কোটি রুপির বেশি আয় করেছে। সবচেয়ে বেশি বুকিং হয়েছে তেলুগু সংস্করণের জন্য। অন্যদিকে, তামিল ও হিন্দি সংস্করণে বুকিং তুলনামূলক কম। অনেক অঞ্চলে বুকিং দেরিতে শুরু হওয়ায় মোট বিক্রির সংখ্যায় কিছুটা প্রভাব পড়েছে। প্রতিবেদন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে ৩ জুনের পেইড প্রিমিয়ার শোয়ের টিকিটের দাম ৬০০ রুপি নির্ধারণ করা হয়। তাছাড়া রাজ্য সরকার সীমিত সময়ের জন্য টিকিটের দাম বাড়ানো, অতিরিক্ত শো প্রদর্শনের অনুমতিও দিয়েছে, যা সিনেমাটির উদ্বোধনী আয় আরো বাড়াতে পারে।

বড় শক্তি হয়ে উঠেছে বিদেশি বাজার  ভারতের বাজারে বুকিং রিপোর্ট কিছুটা মিশ্র হলেও বিদেশে সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া অনেক বেশি। যুক্তরাষ্ট্রে ‘পেদ্দি’ সিনেমার প্রিমিয়ার শোয়ের অগ্রিম বিক্রি হয়েছে ৮ লাখ ডলারের (প্রায় ৭.৫৫ কোটি রুপি) কাছাকাছি। উত্তর আমেরিকাজুড়ে মোট অগ্রিম বিক্রি ৮.৮২ লাখ ডলার (প্রায় ৭.৬০ কোটি রুপি) ছাড়িয়েছে। তাছাড়া সিনেমাটির প্রি-রিলিজ ব্যবসাও আশাব্যঞ্জক। বিশ্বব্যাপী সিনেমাটির থিয়েট্রিক্যাল ব্যবসা ২১৮ কোটি রুপির বেশি, যার বড় অংশ এসেছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে। কর্নাটক ও বিদেশি বাজার থেকেও উল্লেখযোগ্য আয় হয়েছে।

গল্প ও বাজেট আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে উঠেছে ‘পেদ্দি’ সিনেমার কাহিনি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষদের একত্রিত করেন তিনি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ২৫০-৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—শিবা রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মা প্রমুখ।

*ইন্ডিয়া টুডে অবলম্বনে