বিনোদন

নানা পাটেকর আমাকে থাপ্পড় মেরেছিলেন: মধু

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মধু শাহকে কষিয়ে থাপ্পড় মেরেছিলেন বরেণ্য অভিনেতা নানা পাটেকর। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘যশবন্ত’ সিনেমার শুটিং সেটে এ ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন ‘রোজা’খ্যাত অভিনেত্রী মধু। 

কয়েক দিন আগে পিঙ্কভিলাকে সাক্ষাৎকার দিয়েছেন মধু শাহ। এ আলাপচারিতায় ঘটনা বর্ণনা করে তিনি বলেন, “একটি দৃশ্যের শট দেওয়ার সময়ে আমার চোখে পানি আসছিল না। তারপর তিনি (নানা পাটেকর) আমাকে কষিয়ে থাপ্পড় মারেন। এ ঘটনার পর আমি ভীষণ রেগে গিয়েছিলাম। কারণ রিহার্সেলে এমন কিছু ছিল না। তিনি আমাকে খুব হতবাক করে দিয়েছিলেন। আমি তখন এবং এখনো অত্যন্ত তেজস্বী একজন নারী।”

এ ঘটনার পর রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পাল্টা আঘাত করেছিলেন মধু শাহও। তার ভাষায়—“আমি সত্যি খুব রেগে গিয়েছিলাম, একজন শিল্পী হিসেবে, শটের মধ্যেই আমি তাকে পাল্টা জবাব (পাল্টা আঘাত) দিয়েছিলাম। এটি যশবন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল।”

চড় মারার ঘটনাটি মাস্টার শটে সত্যি সত্যি ঘটেছিল। এ তথ্য উল্লেখ করে মধু শাহ বলেন, “বাস্তবে আবেগ আসার পর শুটিং শেষ করেছিলাম। হাফ-ডে শুটিং হয়েছিল। সুতরাং, আমি নানাজির কাছ থেকে মেথড অ্যাক্টিং শিখেছি।”

নব্বই দশকের শুরুতে ভারতীয় সিনেমায় পা রাখেন মধু শাহ। দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ৫৭ বছরের এই অভিনেত্রী। তবে নানা পাটেকরের মতো দাপুটে অভিনেতাদের কাছ থেকে অভিনয় সম্পর্কে অনেক কিছু শিখেছেন। 

বলিউড, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন মধু শাহ। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘ফুল আউর কাঁটা’, ‘রোজা’, ‘যোদ্ধা’, ‘জেন্টলম্যান’ প্রভৃতি। মধু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কান্নাপ্পা’। তেলেগু ভাষার এ সিনেমা গত বছর মুক্তি পায়। বর্তমানে তার হাতে মালায়ালাম ভাষার একটি সিনেমার কাজ রয়েছে।