বিনোদন

প্রভার ইঙ্গিতপূর্ণ পোস্ট, প্রেমের গুঞ্জন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে ফের শুরু হয়েছে নতুন আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্টকে কেন্দ্র করে অনুরাগীদের মধ্যে দেখা দিয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রশ্ন উঠেছে, তবে কি অভিনেত্রীর জীবনে নতুন করে প্রেমের আগমন ঘটেছে?

বর্তমানে অবকাশযাপনে নেপালে রয়েছেন প্রভা। পাহাড়, মেঘ আর প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে কাটানো সময়ের নানা মুহূর্ত নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি। সম্প্রতি এমনই কয়েকটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এই অভিনেত্রী।

তবে একটি ছবি বিশেষভাবে সবার নজর কেড়েছে। হাতে একটি বেলুন নিয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় প্রভাকে। আর সেই বেলুনে লেখা—“আই লাভ ইউ”। ব্যস, এতেই শুরু হয়েছে আলোচনা। অনুরাগীদের একাংশের ধারণা, অভিনেত্রীর জীবনে হয়তো নতুন বিশেষ কোনো মানুষের আগমন ঘটেছে। কেউ কেউ আবার ছবিটির ক্যাপশন ও উপস্থাপনাকেও ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন।

তবে বাস্তবতা হলো, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি প্রভা। ফলে নতুন প্রেমের গুঞ্জন আপাতত ভক্তদের কৌতূহল আর সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনাতেই সীমাবদ্ধ।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন প্রভা। পরবর্তীতে নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘ভার্সন জেড’, ‘হানিমুন’, ‘ধূপ ছায়া’, ‘লাকি থার্টিন’ এবং ‘খুনসুটি’।

পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও একাধিকবার আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০১৪ সালে গ্রামীণফোন কর্মকর্তা মাহমুদ শান্তর সঙ্গে তার দ্বিতীয় সংসারও ভেঙে যায়।