বিনোদন

নিষেধাজ্ঞার মধ্যেই হানিয়ার সঙ্গে বাদশার কাজের গুঞ্জন

বাদশার ইনস্টাগ্রাম দেওয়া নতুন পোস্টে রহস্যময়ী এক নারীকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। নেটিজেনদের একাংশের দাবি, তিনি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।

সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন বাদশা। ছবিতে তাকে কালো পোশাকে দেখা যায়। তার পাশে ছিলেন সাদা পোশাক পরা এক রহস্যময়ী নারী। তবে ওই নারী পিছন ফিরে দাঁড়িয়ে থাকায় তার মুখ দেখা যায়নি। একটি ছবিতে মাঠের মধ্যে হাঁটার সময় বাদশার হাত ধরে থাকতে দেখা যায় তাকে।

পোস্টের ক্যাপশনে বাদশা লেখেন, “এই বিশ্বব্রহ্মাণ্ড এক অদ্ভুত উপায়ে জীবনে মানুষকে এনে দেয়।”

ছবি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে শুরু হয় নানা আলোচনা। অনেকের ধারণা, ছবির ওই নারী পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির হতে পারেন। কারণ অতীতেও তাদের সম্পর্ক ও একসঙ্গে কাজ করা নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা গিয়েছিল।

কেউ সরাসরি প্রশ্ন করেছেন, ‘উনি কি হানিয়া আমির?’ আবার কেউ লিখেছেন, ‘চেহারার গড়ন দেখে হানিয়ার মতোই মনে হচ্ছে।’ অনেকেই ধারণা করছেন, এটি হয়তো নতুন কোনো মিউজিক ভিডিও বা প্রকল্পের ইঙ্গিত।

এই ছবির পোস্ট ঘিরেই আলোচনা। ছবি: সংগৃহীত

তবে, বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি বাদশা বা হানিয়া আমির। ফলে রহস্য আরো বেড়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা থাকলে হানিয়ার সঙ্গে কোনো কাজ করা সম্ভব কি না।

প্রসঙ্গত, ২০২৫ সালের এপ্রিল থেকে ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। পাশাপাশি ভারতীয় শিল্পীদেরও পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বাদশার ব্যক্তিজীবন নিয়েও সম্প্রতি আলোচনা হয়েছে। কয়েক মাস আগে পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখির সঙ্গে তার বিয়ের গুঞ্জন ছড়ায়। এছাড়া, তার গান ‘টটীরী’ নিয়েও অশালীনতার অভিযোগ ওঠে, যা আদালত পর্যন্ত গড়িয়েছিল।